ETV Bharat / bharat

মহাকুম্ভে মর্মান্তিক ! পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর আশঙ্কা; বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে রেকর্ড জনসমাগম ৷ হাতের বাইরে ভিড়ের নিয়ন্ত্রণ ৷ পদপিষ্ট হয়ে অনেক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা ৷ ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছন মুখ্যমন্ত্রী।

Maha Kumbh on Mauni Amavasya
মহাকুম্ভে জনপ্লাবন, ভোররাতেই পদপিষ্ট অনেক পুণ্যার্থী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 29, 2025 at 6:41 AM IST

|

Updated : January 29, 2025 at 6:51 AM IST

4 Min Read
Choose ETV Bharat

প্রয়াগরাজ, 29 জানুয়ারি: মহাকুম্ভের সঙ্গমে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু-মিছিল ৷ প্রাথমিকভাবে সংবাদসংস্থা এফপি-র দেওয়া তথ্য অনুযায়ী, মনে করা হয়েছিল কমবেশি 17 জনের মৃত্যু হয়েছে ৷ তবে বুধবার সন্ধ্যায় মহাকুম্ভের দায়িত্বে থাকা ডিআইজি বৈভব কৃষ্ণ জানালেন, মেলায় মৃত্যু হয়েছে 30 জনের। আহত হয়েছেন 90 জন। শুধু তাই নয়, রাজ্য পুলিশের এই শীর্ষকর্তা জানান, 30 জনের মধ্যে 5 জনের দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

এরপর রাতের দিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। প্রথমত, তিনি জাানন, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । তার জন্য 3 সদস্যের একটি জুডিশিয়াল কমিশন তৈরি হয়েছে। পাশপাশি নিহতদের পরিবার পিছু 25 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ৷

পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর আশঙ্কা (ইটিভি ভারত)

বুধবার ভোর থেকেই পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি পুণ্যার্থী ৷ মৌনী অমাবস্যায় তিল ধারণের জায়গা নেই সঙ্গম চত্বরে ৷ স্থানীয় এক কর্মকর্তা জানান, প্রবল জনজোয়ারের চাপে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় ৷ 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যোগীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ খোঁজ নেন পরিস্থিতির ৷ চলছে উদ্ধারকাজ ৷

Maha Kumbh on Mauni Amavasya
পদপিষ্ট হওয়ার ঘটনায় উদ্ধারকাজ চলছে (ইটিভি ভারত)

আহতদের স্বরূপরাণী হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার রাত 1.30 মিনিট নাগাদ সঙ্গম উপকূলে এই ঘটনা ঘটে । ঠেলাঠেলিতে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন । এরপর লোকজন তাদের পিষে দিয়ে এগিয়ে যায় । এতে পরিস্থিতি আরও খারাপ হয় । এই ঘটনায় নিহতদের সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি । আহতদের সঙ্গম ব্যাংক থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

Maha Kumbh on Mauni Amavasya
মৌনী অমাবস্যার সকালে প্রবল ভিড় মহাকুম্ভে (ইটিভি ভারত)

কর্ণাটক থেকে আগত সরোজিনী নামে এক মহিলা পুণ্যার্থী হাসপাতালের বাইরে কাঁদতে কাঁদতে সংবাদসংস্থা পিটিআইকে বলেন,"আমরা দুটি বাসে 60 জনের একটি দল এসেছি ৷ আমরা দলে নয়জন ছিলাম । হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কা লেগেছিল এবং আমরা আটকে পড়েছিলাম । আমরা অনেকেই পড়ে গিয়েছিলাম এবং ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ৷ পালানোর কোনও সুযোগ ছিল না, চারদিক থেকে ধাক্কাধাক্কি হচ্ছিল ৷"

Maha Kumbh on Mauni Amavasya
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হতাহতের সংখ্যা অনেক (ইটিভি ভারত)

পদদলিত হওয়ার পর অনেকে ঘটনাস্থলেই পড়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা । ভিড়ের মধ্যে মানুষ নিজেদের প্রিয়জনকে খুঁজছিলেন । যাদের প্রিয়জন মারা গিয়েছে তারা চিৎকার করতে থাকে ।

এই বিষয়ে মহাকুম্ভ মেলা স্পেশাল ডিউটি ​​অফিসার আকাঙ্খা রানা বলেন, "সঙ্গমে ব্যারিকেড ভেঙে কিছু লোক আহত হয়েছে ৷ তবে আহতদের সঠিক হিসাব এখনও আমাদের কাছে নেই ৷ মেলা চত্বরে অস্থায়ী কেন্দ্রীয় হাসপাতালে পাঠানো হয়েছে তাদের । কয়েকজন প্রশাসনিক কর্তা ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি আহতদের পরিবারের লোকজনও সেখানে পৌঁছেছেন ।"

মৌনী অমাবস্যায় অমৃতস্নান হল মহাকুম্ভের সবচেয়ে উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ আচার ৷ সেই উপলক্ষে বুধবার সঙ্গমে 10 কোটি পুণ্যার্থীর ভিড় হবে বলে আশা করা হচ্ছে ৷ 144 বছর পর 'ত্রিবেণী যোগ' নামে একটি বিরল যোগ এই দিনটির আধ্যাত্মিক তাৎপর্য আরও বাড়িয়ে তুলেছে ৷ তাতেই জনবিস্ফোরণ ৷

বুধবার ভোররাত নাগাদ মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য নদীর তীরে সমস্ত ঘাট বরাবর প্রায় 12 কিলোমিটার দীর্ঘ জনসমুদ্র তৈরি হয় ৷ সেই ভিড় নিয়ন্ত্রণ করতে না পারাতেই এই বিপত্তি ৷

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে স্নানে এই প্রবল ভিড়ের কারণ :

ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা-যমুনা ও সরস্বতী এই তিন নদী যেখানে মিশেছে সেই জায়গা ৷ হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে, মহাকুম্ভের সময়ে বিশেষ করে মৌনী অমাবস্যার মতো দিনে সেই সঙ্গমে ডুব দিলে মানুষের পাপ ধুয়ে যায় ৷ স্নানকারীরা মোক্ষ বা মুক্তি লাভ করেন ৷ তাতেই পুণ্য অর্জিত হয় ৷

এই বিশ্বাসের উপর ভর করে সকলেই 'পাপস্খলন' করতে বা পুণ্য অর্জনের জন্য মৌনী অমাবস্যার দিনেই ভিড় জমিয়েছিলেন সঙ্গমে ৷ প্রশাসনের তরফে গোটা মেলা চত্বরে বেশ কয়েকটি ঘাটের ব্যবস্থা করা হলেও স্বাভাবিকভাবেই ত্রিবেণী সঙ্গমে ভিড়ের চাপ ছিল সবচেয়ে বেশি ৷ সেই অনিয়ন্ত্রিত ভিড়ের জেরেই ভেঙে যায় পুলিশি ব্যারিকেড ৷ হুড়মুড়িয়ে পড়ে যান পুণ্যার্থীরা ৷ তাদের পিষে দিয়ে চলে যায় সেই জনপ্লাবন ৷ তাতেই মৃত্যু হয় বেশ কয়েকজনের ৷ আহত হন অনেকে ৷

Last Updated : January 29, 2025 at 6:51 AM IST