ETV Bharat / bharat

পিসি-ভাইপোর বিয়ে, দম্পতিকে লাঙলে বাঁধল গ্রামবাসী

সম্পর্কে পিসি ও ভাইপো গ্রাম থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন ৷ কিন্তু আদিবাসী সমাজ যাকে 'পাপ' বল মনে করে ৷

Odisha Tribal society punishes couple
ওড়িশায় আদিবাসী সমাজে দম্পতিকে শাস্তি দেওয়া হচ্ছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 5:11 PM IST

|

Updated : July 12, 2025 at 5:20 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রায়গড়, 12 জুলাই: জমি চষার লাঙলের একদিকে এক মহিলা এবং অন্যদিকে তাঁর সদ্যবিবাহিত স্বামী ৷ দম্পতির কাঁধে জোয়াল ৷ ষাঁড়ের বদলে তাঁদের দু'জনকে লাঙলের সঙ্গে বেঁধে জবরদস্তি জমি চাষ করানো হচ্ছে ৷ এমন একটি ভিডিয়ো সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ ঘটনাটি ওড়িশার রায়াগড়া জেলার কাঞ্জামাজোড়ি গ্রামে ৷ সেখানে সালিশি সভা ওই দম্পতিকে এই শাস্তি দিয়েছে ৷

কারণ, ওই দম্পতি সম্পর্কে ভাইপো ও পিসি ৷ আদিবাসী সমাজে পরিবারের সদস্যের মধ্যে বিয়ে বৈধ নয় ৷ তাই শাস্তি হিসেবে লাঙলে ষাঁড়ের বদলে তাঁদের দু'জনকে বেঁধে জমি চাষ করাতে বাধ্য করা হয় ৷ রায়াগড়ার এসপি এস কুমার আশ্বাস দিয়েছেন এর যথাযথ তদন্ত হবে ৷ জেলার এসডিপিও গৌরহরি সাহু নিশ্চিত করে জানিয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কল্যাণসিংপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তিনি বলেন, "এই ঘটনার তদন্ত চলছে ৷ তাই এখনই এনিয়ে কিছু বলতে পারব না ৷ তদন্তের পর যথোপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে ৷ দোষীরা শাস্তি পাবে ৷"

গ্রামেরই এক বাসিন্দা এই ভিডিয়োটি রেকর্ড করেছিলেন বলে জানা গিয়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে দম্পতিকে শুদ্ধ করতে তাঁদের দু'জনকে স্নান করানো হচ্ছে ৷ তারপর তাঁদের জমিতে নিয়ে যাওয়া হয় এবং জোয়ালের সঙ্গে তাঁদের ঘাড় বেঁধে দেয় স্থানীয়রা ৷ এরপর তাঁদের ওই জমিতে এক পাক ঘোরানো হয় ৷ এই বর্বরোচিত দৃশ্য উপভোগ করতে হাজির ছিলেন প্রায় একশো বাসিন্দা ৷ এরপর মহিলার স্বামী 28 বছর বয়সি লাকা সরাকাকে মারধর করে তাঁদের দু'জনকে গ্রামের বাইরে বের করে দেয় গ্রামবাসীরা ৷ এখন ওই দম্পতি কোথায়, তা কারও জানা নেই ৷

Odisha Tribal society punishes couple
ওড়িশায় আদিবাসী সমাজে দম্পতির শাস্তি (ইটিভি ভারত)

কিছুদিন আগে লাকা সরাকা তাঁর পিসি 32 বছরের কোডিয়া সরাকার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ৷ রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ঘটনায় গ্রামবাসীরা দম্পতির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ আদিবাসী রীতিতে এই বিয়ে অশুভ ও পাপ ৷ গ্রামবাসীদের বিশ্বাস, এর ফলে গ্রামে বৃষ্টি হবে না ৷

গ্রামবাসী দম্পতিকে গ্রামে ডেকে পাঠায় এবং সালিশি সভার ব্যবস্থা করে ৷ সেখানে এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তাদের দাবি, এই শাস্তির ফলে গ্রাম শুদ্ধ হবে ৷ গ্রামের এক বাসিন্দা দিশনাথ কুরসিকা বলেন, "যারা রক্তের সম্পর্কে বিয়ে করে, তাদের শাস্তি দেওয়া আমাদের রীতি ৷ এই বিয়েকে আমরা পাপ বলে গণ্য করি ৷ ওদের দু'জনের মধ্যে মা ও ছেলের সম্পর্ক ৷ তারা যদি এরকম কাণ্ড করে, তাহলে ওদের শাস্তি দিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে ৷" আরেক গ্রামবাসী সমন্দর মেয়াকা এই শাস্তি দেওয়ার ঘটনাকে স্বাভাবিক বলেই আখ্যা দিয়েছেন ৷ তিনি বলেন, "এরকমই হয় ৷ আদিবাসী রীতি এবং ঐতিহ্য অনুযায়ী আমরা পাপীদের শাস্তি দিই ৷"

তবে আদিবাসী সমাজের কয়েকজন এই শাস্তির বিরোধিতা করলেও সালিশি সভার ভয়ে কিছু বলে উঠতে পারেননি ৷ ঘটনাটি ভাইরাল হতেই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে ৷ সাব-কালেক্টর এই ঘটনার তদন্ত করছেন ৷

Last Updated : July 12, 2025 at 5:20 PM IST