বিহারের পর ঝাড়খণ্ড, রাঁচির লজ থেকে গ্রেফতার ISIS জঙ্গি
যৌথ অভিযানের মাধ্যমে দিল্লি পুলিশ এবং ঝাড়খণ্ড এটিএস রাঁচির লজ থেকে এক আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ ধৃতের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার হয়েছে।

Published : September 10, 2025 at 4:33 PM IST
রাঁচি, 10 সেপ্টেম্বর: গ্রেফতার সন্দেহভাজন আইএসআইএস (ISIS) জঙ্গি! যৌথ অভিযান চালিয়ে বুধবার ঝাড়খণ্ডের একটি লজ থেকে তাকে গ্রেফতার করলেন দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ঝাড়খণ্ড এটিএসের আধিকারিকরা ৷ ধৃতের নাম আসহার দানিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে বোকারো জেলার পেতওয়ার বাসিন্দা ৷ বেশ কয়েকদিন ধরে এই লজে ঘর ভাড়া নিয়ে থাকছিল ৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন রাঁচির লোয়ার বাজার থানার অন্তর্গত ইসলামনগর এলাকার এই লজে যৌথভাবে অভিযান চালায় দিল্লি পুলিশ এবং ঝাড়খণ্ড পুলিশ ৷ অভিযান চলাকালীন আসহারকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, আইসিসের পাশাপাশি আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে আসহারের যোগ থাকার সম্ভাবনা রয়েছে ৷ দিল্লির একটি মামলায় তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ ৷ লজের ঘর থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারী আধিকারিকরা ৷ গ্রেফতারির পর ধৃত আসহারকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে ৷ লজের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ ঝাড়খণ্ড কিংবা দেশের অন্য কোনও রাজ্যে জঙ্গি হামলার কোনও পরিকল্পনা ছিল কি না, তা জানতে আসহারকে টানা জেরা করা হচ্ছে ৷
এদিকে, অভিযান চালিয়ে আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ ধৃতের নাম আফতাব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসহারের মতো সেও আইসিসের সঙ্গে যুক্ত ৷ এরা দু'জনেই জঙ্গি সংগঠনের এজেন্ট হিসেবে কাজ করত ৷ দীর্ঘদিন ধরে তারা পুলিশের ওয়ান্টড লিস্টেও ছিল ৷ তাদের গতিবিধির উপরও কড়া নজর রাখা হচ্ছিল ৷ অবশেষে তাদের গ্রেফতার করলেন তদন্তকারী আধিকারিকরা ৷
दिल्ली पुलिस स्पेशल सेल, झारखंड एटीएस और रांची पुलिस के संयुक्त अभियान में झारखंड के रांची के इस्लामनगर इलाके से एक संदिग्ध ISIS आतंकवादी अज़हर दानिश को गिरफ्तार किया गया है। उसके खिलाफ दिल्ली में एक मामला दर्ज था, जिसके आधार पर दिल्ली स्पेशल सेल उसकी तलाश कर रही थी। उससे पूछताछ…
— ANI_HindiNews (@AHindinews) September 10, 2025
তদন্তকারীদের একাংশের অনুমান, জঙ্গি কার্যকলাপের এই জাল দিল্লি এবং ঝাড়খণ্ড ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়েছে ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দেশের একাধিক রাজ্যে তাঁরা অভিযানও চালিয়েছেন ৷ অভিযানে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ জঙ্গি কার্যকলাপের এই জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷
বুধবারের এই গ্রেফতারির পর দেশের বাকি রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে ৷ তদন্তকারীকের অনুমান, ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ৷ সেই সঙ্গে, ভারতে তাদের কোনও জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, তাও জানা যাবে ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তান থেকে জঙ্গিরা বিহারে প্রবেশ করেছে বলে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷ ভোটমুখী বিহারে হাই অ্যালার্ট জারি করা হয় ৷ সূত্রের খবর, পাকিস্তান থেকে নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে এই 3 জঙ্গি ৷ জানা গিয়েছে, এরা 3 জনই জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সদস্য ৷

