ETV Bharat / bharat

মাঝআকাশে অজ্ঞান বাঙালি যাত্রী, বিমান অবতরণের পরই মৃত্যু

বিমান ছাড়া পর বছর চব্বিশের এক যুবক অজ্ঞান হয়ে পড়েন ৷ দুর্গাপুর-মুম্বইগামী বিমানটি ছত্তিশগড়ের রায়পুরে জরুরি অবতরণ করানো হয় ৷

FLIGHT EMERGENCY LANDING
প্রতীকী ছবি (আইএএনএস)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 4:41 PM IST

2 Min Read
Choose ETV Bharat

রায়পুর, 10 অক্টোবর: দুর্গাপুর-মুম্বইগামী বিমানের জরুরি অবতরণ ৷ বৃহস্পতিবার সকালে ইন্ডিগো বিমানটি (6E-604) রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ ইন্ডিগোর তরফে জানা গিয়েছে, ওই বিমানে এক ক্যানসার আক্রান্ত যাত্রী ছিলেন ৷ তিনি আচমকায় অজ্ঞান হয়ে পড়েন ৷ সেই কারণেই পাইলট বিমানটিকে রায়পুরে জরুরি অবতরণ করান ৷

জানা গিয়েছে, বছর চব্বিশের ওই যুবক বর্ধমানের বাসিন্দা ৷ তাঁর নাম গৌতম বাউরি ৷ বিমানটিকে জরুরি অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে পরীক্ষা করে মানা সিভিল হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, গৌতম বাউরির আগেই মৃত্যু হয়েছে ৷

বিমান সংস্থা কর্মকর্তাদের মতে, "24 বছরের ওই যুবক ব্লাড ক্যানসারে ভুগছিলেন ৷ টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য মুম্বই যাচ্ছিলেন। তিনি এদিন বিমানের মধ্যে অজ্ঞান হতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ বিমানে তাঁকে নিয়ে যাওয়ার যে প্রয়োজনীয় প্রক্রিয়া ছিল, তা বিমানকর্মীদের তরফে সম্পন্ন হওয়ার পর ইন্ডিগোর ফ্লাইটটি যাত্রা শুরু করে। আচমকা মাঝআকাশে ওই যুবক অজ্ঞান হয়ে যান ৷ তারপরই বিমানটিতে রায়পুরে জরুরি অবতরণ করানো হয় ৷"

ভুবনেশ্বরে জরুরি অবতরণ

গতকাল বিকেলে ভুবনেশ্বরেও একই রকম ঘটনা ঘটে ৷ মাঝআকাশে বিমানের এক যাত্রী বুকে তীব্র ব্যথা অনুভব করেন ৷ গুয়াহাটিগামী ওই বিমানটিকে তারপরই জরুরি অবতরণ করানো হয়। বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি বিকেল 4.35 মিনিটে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তারপর, অসুস্থ যাত্রীকে বিমান থেকে নামিয়ে চিকিৎসার জন্য ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর, 186 জন যাত্রী নিয়ে বিমানটি গুয়াহাটির উদ্দেশে রওনা হয়।

বারবার বিপদের কবলে বিমান

আমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া থেকে ইন্ডিগোর বিমান একের পর এক বিভিন্ন সময়ে যান্ত্রিক সমস্যা ধরা পড়ছে। গত অগস্ট মাসে, তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান একই সমস্যার কারণে চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়। পরীক্ষার পর সেটিকে গন্তব্যে পাঠানো হয়। তবে ওই ঘটনায় যাত্রীদের কোনও সমস্যা হয়নি। সেই বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। তিনি দাবি করেছিলেন, চেন্নাইয়ে অবতরণের সময় একই রানওয়েতে আরও একটি বিমান চলে আসে। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি।