ETV Bharat / bharat

যাত্রা শুরুর 24 ঘণ্টা আগেই যাত্রী তালিকা প্রকাশ, বড় বদল রেলে

এখন চার ঘণ্টা আগে যাত্রীরা জানতে পারেন, টিকিট কনফার্ম হয়েছে কি না ৷ শেষমেশ টিকিট না পেলে যাত্রা বাতিল করা ছাড়া উপায় থাকে না ৷

Indian Railways
ভারতীয় রেল (ফাইল ছবি)
author img

By PTI

Published : June 11, 2025 at 2:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 11 জুন: ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে সংশ্লিষ্ট ট্রেনের যাত্রী তালিকা প্রকাশ করে রেল ৷ ফলে সমস্যায় পড়েন ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ৷ অনেক সময় কোনও বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না ৷ যাত্রার পরিকল্পনা বাতিল করতে হয় ৷ এই নিয়ম বদলে 24 ঘণ্টা আগেই তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক ৷ বুধবার মন্ত্রক জানিয়েছে, আপাতত এই ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে ৷

মন্ত্রকের আধিকারিকরা আশ্বস্ত করেছেন, এই পাইলট প্রজেক্ট নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া পাওয়ার পর 24 ঘণ্টা আগে যাত্রীতালিকা প্রকাশের বিষয়টি বাস্তবায়িত করা হবে ৷ রেলওয়ে বোর্ডের তথ্য ও জনসংযোগ বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমারের কথায়, "আমরা বিকানের ডিভিশনের এই পাইলট প্রজেক্টটি শুরু করেছি ৷ সংশ্লিষ্ট ট্রেনটি যাত্রা শুরুর 24 ঘণ্টা আগে যাত্রী তালিকা প্রকাশ করা হচ্ছে ৷ কিন্তু সাধারণভাবে 4 ঘণ্টা আগে যাত্রীদের তালিকা প্রকাশ করাই রীতি ৷"

ট্রেনের যাত্রা শুরুর মাত্র 4 ঘণ্টা আগে যাত্রীরা তাঁদের আসনটি নিশ্চিত হয়েছে নাকি ওয়েটিং লিস্টে রয়েছে, তা জানতে পারেন ৷ এক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সমস্যায় পড়েন ৷ সামান্য সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না ৷ এই ধরনের যাত্রীদের অসুবিধের কথা মাথায় রেখেই 24 ঘণ্টা আগে যাত্রী তালিকা প্রকাশ নিয়ে ভাবনাচিন্তা করছে রেল, জানান উচ্চাধিকারিক দিলীপ কুমার ৷

তাঁর বক্তব্য, "এবার যদি 24 ঘণ্টা আগে যাত্রীরা তাঁদের স্টেটাস সম্পর্কে জানতে পারেন তাহলে তাঁরা তাঁদের যাত্রা নিয়ে আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন ৷ কিন্তু একবার যদি টিকিট নিশ্চিত হয়ে যায়, সেক্ষেত্রে টিকিট বাতিল করলে টিকিটের মূল্যের একটা বড় অংশ কেটে নেবে মন্ত্রক ৷"

বর্তমানে টিকিট খারিজের নীতি অনুযায়ী, যাত্রার 48 ঘণ্টা থেকে 12 ঘণ্টার মধ্যে নিশ্চিত টিকিট বাতিল করলে 25 শতাংশ টিকিট মূল্য কেটে নিয়ে বাকি টাকা যাত্রীকে ফেরত দেবে রেল ৷ কিন্তু 12 ঘণ্টা থেকে 4 ঘণ্টা আগে নিশ্চিত হওয়া টিকিট বাতিল করলে মাত্র 50 শতাংশ টিকিট মূল্য ফেরত পাবেন যাত্রী ৷