ETV Bharat / bharat

পহেলগাঁও হামলার আবহে বায়ুসেনার শক্তি প্রদর্শন ! গঙ্গা এক্সপ্রেসওয়েতে অবতরণ যুদ্ধবিমানের

জঙ্গি হামলার আবহে শক্তি প্রদর্শন করল ভারতীয় বায়ু সেনা ৷ উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে নির্মিত এয়ারস্ট্রিপে অবতরণ করল মিরাজ-সুখোই রাফালের মতো একাধিক যুদ্ধবিমান ৷

INDIAN AIR FORCE
গঙ্গা এক্সপ্রেসওয়েতে যুদ্ধবিমানের অবতরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 2:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শাহজাহানপুর, 2 মে: পহেলগাঁও হামলার পর থেকে ক্ষুব্ধ ভারত ৷ পাক-মদতপুষ্ট জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন পর্যটক ৷ সেই বর্বরোচিত হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার ৷

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান ৷ এই আবহে শক্তি প্রদর্শন ভারতীয় বায়ুসেনার ৷ যে কোনও পরিস্থিতির জন্য তারা যে প্রস্তুত, তা প্রমাণ করতে উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে একে একে অবতরণ করছে মিরাজ, সুখোই, রাফালে, জ্যাগুয়ারের মতো যুদ্ধবিমান ৷ আজ এবং আগামিকাল (2 মে ও 3 মে) চলবে এই মহড়া ৷

যুদ্ধবিমানের অবতরণের জন্য প্রস্তুত গঙ্গা এক্সপ্রেসওয়ে (ইটিভি ভারত)

জালালাবাদ থানা এলাকার অন্তর্গত পিরু গ্রামের কাছে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই এয়ারস্ট্রিপে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে মহড়া ৷ দুই ধাপে চলবে মহড়া ৷ প্রথম ধাপের মহড়া শুরু হয়েছে দুপুর সাড়ে 12টা নাগাদ ৷ এরপর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আরও এক ধাপে হবে মহড়া ৷ মহড়া সফলভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসনের তরফে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ উল্লেখ্য, প্রথমে শুক্রবার বেলা 11টা 30 মিনিট থেকে এই মহড়া শুরুর পরিকল্পনা থাকলেও ধুলোঝড়ের কারণে সময় পরিবর্তন করা হয় ৷

INDIAN AIR FORCE
যুদ্ধবিমান অবতরণের জন্য প্রস্তুতি তুঙ্গে (ইটিভি ভারত)

মহড়া দেখতে বিভিন্ন স্কুলের 1000 জন ছাত্রছাত্রী-সহ বিভিন্ন আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে ৷ যুদ্ধবিমানের মহড়া দেখার জন্য উপস্থিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ এ প্রসঙ্গে জেলাশাসক ধর্মেন্দ্র প্রতাপ সিং বলেন, "শাহাজাহানপুর জেলার জন্য এটি গর্বের বিষয় ৷ জেলা প্রশাসনের তরফে সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ এয়ারস্ট্রিপের দু'ধারে প্রায় 250টি সিসিটিভি ক্যামেরা বসানো হয় ৷ কড়া নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মীও ৷"

INDIAN AIR FORCE
গঙ্গা এক্সপ্রেসওয়ে (ইটিভি ভারত)

অন্যদিকে, জানা গিয়েছে এখনও পর্যন্ত গঙ্গা এক্সপ্রেসওয়ের 85 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে ৷ সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই রানওয়েতে দিন ও রাত, উভয় সময়েই যুদ্ধবিমান অবতরণ করতে পারবে ৷ দেশের নিরাপত্তার জন্য এই রানওয়ে খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, চিন সীমান্ত থেকে মাত্র 250 কিলোমিটার দূরে অবস্থিত এই রানওয়ে ৷ সুতরাং, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উত্তরপ্রদেশের এই রানওয়ে ৷

পড়ুন: ফের জম্মু-কাশ্মীরে চলল গুলি ! টানা 8 দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার