মুক্ত বাণিজ্য চুক্তি, সোমবার থেকে আলোচনায় বসছে ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন
আধিকারিকদের মতে, আলোচনায় সমস্যাগুলি সমাধানের দিকে মনোনিবেশ করা হবে ৷ যাতে এই বছরের শেষ নাগাদ চুক্তি সম্পন্ন হয়।

By PTI
Published : March 9, 2025 at 5:07 PM IST
নয়াদিল্লি, 9 মার্চ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ নিয়ে কার্যত হুমকি দিয়েছেন। এর মধ্যেই ভারত এবং 27টি দেশ নিয়ে তৈরি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সোমবার থেকে ব্রাসেলসে মুক্ত বাণিজ্য চুক্তিকে সামনে রেখে দশম দফার আলোচনা শুরু করতে চলেছে ৷
আধিকারিকদের মতে, আলোচনায় সমস্যাগুলি সমাধানের দিকে মনোনিবেশ করা হবে ৷ এই বছরের শেষ হওয়ার আগে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইইউ কমিশনার ফর ট্রেড অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি মারোস সেফকোভিচের সাম্প্রতিক সফরে, দুই পক্ষ একটি ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী বাণিজ্য চুক্তি করার দিকে খানিকটা এগিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন-ও গত মাসে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এই বছরের মধ্যে শেষ করতে সম্মত হয়েছেন ৷
এক আধিকারিকের কথায়, "দু'পক্ষের মধ্যে ব্রাসেলসে 10 থেকে 14 মার্চ পর্যন্ত জন্য দশম রাউন্ডের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷" 2022 সালের জুন মাসে ভারত এবং ইইউ জোট আট বছরেরও বেশি সময় পর এই চুক্তি নিয়ে আলোচনা আবারও শুরু করেছে। উভয় পক্ষ বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং ভৌগোলিক ইঙ্গিত (GIs) সংক্রান্ত একটি চুক্তি নিয়েও আলোচনা করছে।
থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) অনুসারে, ভারত স্বয়ংক্রিয় আমদানি শুল্ক কমাতে অনিচ্ছুক ৷ পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের জিডিপিআর কাঠামোর (ইউরোপিয়ান ইউনিয়নের রেজি জেনারেল ডেটা সুরক্ষা) অধীনে পেশাদারদের জন্য সহজ গতিশীলতা এবং ডেটা সুরক্ষারও স্বীকৃতি চাইছে ভারত।
জিটিআরআইয়ের অজয় শ্রীবাস্তব বলেন, "সরকারি ক্রয়, বিনিয়োগ সুরক্ষা, এবং কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (CBAM)-এর মতো পরিবেশগত বিধিগুলি চুক্তি সংক্রান্ত আলোচনাকে আরও জটিল করে তোলে ৷ এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও, একটি সফল চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে, যা 2024 সালের FY-তে USD 190 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ৷"
ভারত ইইউতে 76 বিলিয়ন মার্কিন ডলার পণ্য এবং 30 বিলিয়ন মার্কিন ডলার পরিষেবা রফতানি করেছে ৷ যেখানে ইইউ ভারতে 61.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য এবং 23 বিলিয়ন মার্কিন ডলার পরিষেবা রফতানি করেছে ৷ আলোচনার ক্ষেত্রে কৃষি একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র হিসাবে রয়ে গিয়েছে ৷ কারণ ইইউ ভারতকে পনির এবং স্কিমড মিল্ক পাউডারের উপর শুল্ক কমানোর জন্য চাপ দিচ্ছে ৷ ভারত বর্তমানে দেশীয় দুগ্ধ শিল্পকে রক্ষা করার জন্য এই উচ্চ শুল্ক ধার্য করেছে ৷

