ETV Bharat / bharat

অবৈধ অভিবাসী প্রত্যর্পণে দুর্ব্যবহার ঠেকাতে ট্রাম্প সরকারের সঙ্গে কথা: জয়শঙ্কর

আমেরিকা থেকে বহিষ্কৃতরা ভারতীয় অভিবাসীদের দাবি, পুরো যাত্রার সময় তাদের হাত ও পা বাঁধা ছিল ৷ অমৃতসরে অবতরণের পরই তাঁরা শিকল মুক্ত হন ৷

JAISHANKAR TO US GOVT
রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (সৌ: সংসদ টিভি)
author img

By PTI

Published : February 6, 2025 at 4:40 PM IST

|

Updated : February 6, 2025 at 4:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দিনভর উত্তপ্ত ছিল সংসদ ৷ বিরোধীদের হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ৷ এর মধ্যেই এই ইস্যুতে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বৃহস্পতিবার জানান, সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ৷ যাতে প্রত্যর্পণের সময়ে অবৈধ ভারতীয় অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার না-করা হয়। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপরও জোর দিয়েছেন তিনি।

আমেরিকা থেকে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসী বুধবার মার্কিন সামরিক বিমানে অমৃতসর পৌঁছন ৷ যাত্রাপথে তাঁদের সঙ্গে আচরণের বিষয়ে বিরোধীদের বিক্ষোভের মধ্যে রাজ্যসভায় মুখ খোলেন বিদেশমন্ত্রী ৷ অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর সময় যে আচরণ আমেরিকা করেছে তা নিয়েই তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী সাংসদরা ৷ জয়শঙ্কর অবশ্য এর ব্যাখ্য়া দিয়ে বলেন, "আমরা অবশ্যই মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করছি, যাতে নিশ্চিত করা যায় যাতে প্রত্যাবর্তন সময় বিমানে অবৈধ অভিবাসীদের সঙ্গে কোনরকম দুর্ব্যবহার না-করা হয় ৷" পাশাপাশি তিনি এও জানান, 2009 সাল থেকে মোট 15,756 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে আমেরিকা থেকে বহিষ্কৃত করা হয়েছে ৷

তিনি বলেন, "একই সঙ্গে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ৷ পাশাপাশি বৈধ পর্যটকদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি আর সহজ করতে আমাদের পদক্ষেপও করা উচিত ৷" তবে বিদেশমন্ত্রীর দাবি, প্রত্যর্পণের এই প্রক্রিয়া নতুন কিছু নয়। রাজ্যসভায় জয়শঙ্কর বলেন, "স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে (এসওপি) মেনেই বিমানে অবৈধ অভিবাসীদের পাঠানো হয়েছে। আমাদের জানানো হয়েছে, বিমানে মহিলা ও শিশুদের বাঁধা হয়নি ৷" জয়শঙ্করের বিবৃতি অনুযায়ী, 2014 সালে যখন এনডিএ সরকার ক্ষমতায় আসে, তখন 591 জনকে প্রত্যাপর্ণ করা হয় ৷ এরপরে 2015 সালে 708 জনকে। 2016 সালে মোট 1303 জনকে, 2017 সালে 1024 জনকে, 2018 সালে 1180 জনকে নির্বাসিত করা হয়।

জয়শঙ্কর বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিষয়টি দেখে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৷ 2012 সাল থেকে অভিবাস প্রত্য়ার্পণের সময় বিমানে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে মেনে চলা হয় ৷ তবে, আইসিই-র তরফে আমাদের জানানো হয়েছে, নারী ও শিশুদের উপর এই বিধিনিষেধ নেই।"

তিনি আরও বলেন, "প্রত্যর্পণের সময় অভিবাসীদের খাদ্য, অন্যান্য প্রয়োজনীয় জিনিস এবং জরুরি চিকিৎসা পরিষেবা ছিল ৷ শুধু তাই নয়, শৌচালয়ের যাওয়ার সময় সাময়িকভাবে তাদের বাঁধন খুলে দেওয়া হয়েছিল ৷ যেমনটি অসামরিক বিমানের পাশাপাশি সামরিক বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য ৷ 5 ফেব্রুয়ারি, 2025 অর্থাৎ বুধবার ভারতে আসা মার্কিন সামরিক বিমানেও এই পদ্ধতির কোনও পরিবর্তন হয়নি ৷"

উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন 104 জন ভারতীয়কে বুধবার প্রথম দফায় দেশে ফেরত পাঠায় ৷ এদের মধ্যে 30 জন পঞ্জাবের, 33 জন করে হরিয়ানা ও গুজরাতের ৷ এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের 3 জন এবং 2 জন চণ্ডীগড়ের ৷

Last Updated : February 6, 2025 at 4:51 PM IST