'মহিলাদের একটি খুন মাফ করুন', নারী দিবসে রাষ্ট্রপতিকে চিঠি
অপরাধের নিরিখে ভারত মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত দেশ ৷ বিশেষত, অপহরণ ও গার্হস্থ্য হিংসার ঘটনায় ৷ চিঠিতে এমনই দাবি রোহিনীর ৷


Published : March 9, 2025 at 3:15 PM IST
মুম্বই, 9 মার্চ: এক অভিনব দাবিকে সামনে রেখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন শরদ পাওয়ারের এনসিপি মহিলা মোর্চার প্রধান রোহিনী খাড়সে ৷ তাঁর দাবি, মহিলাদের 'একটি খুন মাফ' করা হোক ৷ অর্থাৎ, কোনও মহিলা একটি খুন করলে তাঁকে যেন কোনও সাজা দেওয়া না-হয় ৷ নারী দিবসে এমনই দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন শরদ পাওয়ার গোষ্ঠীর এই নেত্রী ৷
রোহিনীর যুক্তি, একজন মহিলা সেই খুনটি করতে চায় 'অত্যাচারী এবং 'ধর্ষক মানসিকতা'কে ধ্বংস করতে ৷ সেই নিরিখে একজন মহিলাকে 'একটি খুনে'র সাজা থেকে অব্যাহতি দেওয়া হোক ৷ দাবির স্বপক্ষে রোহিনী সাম্প্রতিক সময়ে মুম্বইয়ে 12 বছরের নাবালিকার গণধর্ষণের বিষয়টিকে তুলে ধরেছেন ৷
খাড়সে তাঁর চিঠিতে লিখেছেন, "আমরা দেশের সকল মহিলার হয়ে দাবি করছি যে, 'একটি খুনের ক্ষেত্রে শাস্তি মকুব করা হোক ৷" চিঠিতে দেবেন্দ্র ফড়ণবিশের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে আইনশৃঙ্খলার প্রশ্নেও নিশানা করেন রোহিন ৷ একটি সমীক্ষার রিপোর্ট তুলে ধরে দাবি করেন, অপরাধের নিরিখে ভারত মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত দেশ ৷ যেখানে তাঁদের সঙ্গে অপহরণ ও গার্হস্থ্য হিংসার মতো অপরাধ প্রায়শই ঘটে চলেছে ৷
তিনি লেখেন, "আমরা অত্যাচারী মানসিকতা, ধর্ষক মানসিকতা এবং অযোগ্য আইন ব্যবস্থার খুন করতে চাই... আমরা আশা করব, এ নিয়ে যথাযথ আলোচনার পর দাবিটিকে মান্যতা দেওয়া হবে ৷" রোহিনী খাড়সের এই চিঠির সমালোচনা করেন শিবসেনার মন্ত্রী গুলাবরাও পাতিল ৷ তিনি বলেন, "আগে খাড়সেকে বলতে হবে, তিনি কাকে হত্যা করতে চান ৷" তবে, তাঁর দলের সহকর্মী মনীষা কায়ান্দে আরও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের এই সদস্য বলেন, "খাড়সে হয়তো কিছু মানুষের অপরাধমূলক মানসিকতাকে খুনের কথা বলতে চেয়েছেন ৷ সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার জেরে তাঁর এই চিন্তাধারা তৈরি হয়েছে বলে আমি মনে করি ৷"

