বিবাহবিচ্ছেদের আনন্দে চার বালতি দুধে স্নান, 'আমি মুক্ত' ঘোষণা স্বামীর
স্ত্রী'র পরকীয়ায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল ৷ শেষে আইনি পথে বিচ্ছেদ পান স্বামী ৷ আর এই আনন্দকে স্মরণীয় করতে অভূতপূর্ব উদযাপন করলেন তিনি ৷

Published : July 12, 2025 at 5:57 PM IST
নলবাড়ি, 12 জুলাই: বিবাহ বন্ধন থেকে রেহাই পেয়ে যেন নতুন জন্ম হল ! সেই আনন্দে দুধ দিয়ে স্নান করে উদযাপন করলেন এক ব্যক্তি ৷ এই বিয়ে তাঁর কাছে বোঝা হয়ে গিয়েছিল বলে জানান তিনি ৷ কারণ, তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে দু'বার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ৷ মেয়ের কথা মাথায় রেখে বারবার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছিলেন স্বামী ৷ কিন্তু আবারও একই ঘটনা ঘটায় তিনি বাধ্য হয়ে আইনি পথে সমাধান খোঁজেন ৷ এমন স্ত্রীর হাত থেকে মুক্তি পাওয়ার মনস্কামনা পূর্ণ হয়েছে শুক্রবার ৷
ঘটনাটি অসমের নলবাড়ির মুকালমুয়া থানার বারালিইয়াপার গ্রামের ৷ ওই ব্যক্তির নাম মানিক আলি ৷ এই ঘটনা মনে করিয়ে দেয় অনিল কাপূর অভিনীত 'নায়ক' সিনেমার জনপ্রিয় একটি দৃশ্যের কথা ৷ এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে জনগণকে দুর্নীতি থেকে মুক্তি দিয়েছিলেন 'নায়ক'-এর হিরো শিবাজী রাও ৷ জনগণ তাঁকে চিনতে পেরে দুধ দিয়ে স্নান করিয়ে তাঁর গায়ের কাদা-মাটি ধুয়ে সাফ করে দিয়েছিল ৷ দুর্নীতির হাত থেকে রেহাই দেওয়ার আনন্দে শিবাজী রাওকে দুধ দিয়ে অভিষেক করেছিল জনতা ৷
এক্ষেত্রে মানিক আলির দাবি, তিনি সম্পর্কের বোঝা থেকে মুক্তি পেয়েছেন ৷ তাই বিবাহবিচ্ছেদের পর মুক্তির উদযাপন করতে 40 লিটার দুধে স্নান করেন ৷ ক্যামেরার সামনে তাঁর গলায় শোনা গেল 'আমি মুক্ত, আজ থেকে আমি মুক্ত' ৷
সংবাদমাধ্যমে মানিক এই অভূতপূর্ব উদযাপনের কারণ জানান ৷ তিনি বলেন, "আমার স্ত্রী দু'বার তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ৷ আমাদের মেয়ের কথা ভেবে আমি দু'বার তাঁকে ক্ষমা করে দিই ৷ কিন্তু তিনি একই ভুল বারবার করতে থাকেন ৷ এরপর আমি আর পারিনি ৷ তাই বিবাহবিচ্ছেদের পথে হাঁটি ৷"
আইনি পথে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে চার বালতি (প্রায় 4 লিটার) দুধ জোগাড় করেন মানিক ৷ ক্যামেরার সামনে ওই চার বালতি দুধ দিয়ে স্নান করেন ৷ এর সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, "আমি মুক্ত ! আজ থেকে আমি মুক্ত ! এতদিন আমার ঘাড়ে যে বোঝা চেপেছিল, আজ তা ধুয়ে সাফ হয়ে গেল ৷"
মানিক আলির দাবি, তাঁদের মেয়ের কথা ভেবে বিয়ে টিকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করে গিয়েছেন তিনি ৷ কিন্তু তাঁর স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে ছিলেন এবং বারবার বাড়ি ছেড়ে পালিয়ে যান ৷ এই অবস্থায় সম্পর্ক জিইয়ে রাখাটা সম্ভব হচ্ছিল না ৷ তাই তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ৷ মানিকের কথায়, "এর আগেও তিনি পালিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু এবার তিনি আমাদের মেয়েকেও সঙ্গে নিয়ে যান ৷ এতে আমার মন ভেঙে যায় ৷ আইনি পথে বিচ্ছেদের পর মনে হচ্ছে, যেন আমার নবজন্ম হল ৷ তাই আমি দুধ দিয়ে স্নান করেছি ৷ একটা নতুন শুরুর সূচনা করেছি ৷"
অনেকেই এই ঘটনাকে হাস্যকর মনে করলেও অন্যরা এর নেপথ্যে আবেগের দিকটি তুলে ধরেছেন ৷ স্থানীয় সোশাল মিডিয়ায় এই স্নানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷

