অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক, কংগ্রেসকে তুলোধনা হিমন্তের
রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের হঠাতে তাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠাচ্ছে হিমন্ত বিশ্বশর্মার সরকার ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বাছাই করে লোকজনকে পুশব্যাক করছেন ৷

By PTI
Published : August 30, 2025 at 8:11 PM IST
গুয়াহাটি, 30 অগস্ট: অনুপ্রবেশ নিয়ে বিতর্ক চলছে সারা দেশে ৷ এই আবহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, তাঁর প্রশাসন 33 জন অনুপ্রবেশকারীকে পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ৷ এদিকে তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ, তিনি বাছাই করে কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন ৷
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে কড়া তোপ দাগেন ৷ আর তারপর দিনই বিশ্বশর্মা অনুপ্রবেশকারীদের পুশব্যাকের কথা জানালেন ৷ শনিবার সকালে মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "33 জন নতুন অনুপ্রবেশকারীকে পুশব্যাক করে তারা যেখান থেকে এসেছিল, সেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে ৷" অসম-বাংলাদেশ সীমান্তের কোন জায়গা থেকে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়েছে, তা অবশ্য স্পষ্ট করেননি হিমন্ত ৷ জানা গিয়েছে, সীমান্তে অবস্থিত শ্রীভূমি জেলা দিয়েই সাধারণত অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়ে থাকে ৷ এবারও তা হয়েছে কি না তা এখনও জানা যায়নি ৷
মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন, "আমাদের কঠোর প্রক্রিয়া চালু রয়েছে ৷ আগামিদিনে তা আরও জোরদার হবে ৷" চলতি সপ্তাহের প্রথম দিকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশ প্রতি সপ্তাহে 70-100 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করছে ৷ সম্প্রতি 450 জনেরও বেশি অনুপ্রবেশকারীকে এভাবে ফেরত পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের তিনি জানান ৷
এদিন অনুপ্রবেশ ইস্যুর পাশাপাশি কংগ্রেসকে তুলোধনা করেন হিমন্ত ৷ সম্প্রতি প্রধানমন্ত্রীর মা-কে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের মঞ্চ থেকে এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের ৷ এই ইস্যুতে বিজেপি কংগ্রেসের কড়া সমালোচনা করে চলেছে ৷ এদিন মুখ্যমন্ত্রী হিমন্তও কংগ্রেস এবং রাহুলের কড়া সমালোচনা করেন ৷
গত 24 অগস্ট বিহারে ভোটাধিকার যাত্রা শুরু হয় ৷ এরপর গত বুধবার ওই যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি ও তাঁর মা-কে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ এনিয়ে বিহারে ধুন্ধুমার কাণ্ড বেধেছে ৷ এমনকী তার রেশ ছড়িয়েছে কলকাতাতেও ৷ শহরে প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধান ভবনের বাইরে থাকা রাহুলের ছবিতে কালি লেপে দেওয়া হয় ৷ দলের পোস্টারও ছিঁড়ে দিয়েছে বিজেপি কর্মীরা ৷
একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দারভাঙায় ভোটাধিকার যাত্রার মঞ্চ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করছেন ৷ এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি সংবাদসংস্থা ৷ এই মন্তব্য করার আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, তাঁর বোন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ও বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবরা বাইকে করে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন ৷
এদিকে এই ভিডিয়োকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে মাঠে নেমেছে বিজেপি ৷ এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, "রাহুল বা কংগ্রেসের তরফে ক্ষমা চাওয়া তো দূরের কথা, তারা এই ঘটনাকে একটা রাজনৈতিক রং দিতে চাইছেন ৷ তাঁদের অভিযোগ, এই ঘটনায় মধ্যপ্রদেশের এক বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে ৷" মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, "গান্ধি পরিবারের বাইরে কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারে এটা কংগ্রেস ভাবতেই পারে না ৷"

