জাতীয় সড়কে জরুরি অবতরণ কপ্টারের ! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
যান্ত্রিক ত্রুটির কারণে এদিন জাতীয় সড়কের উপর হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট ৷ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

Published : June 7, 2025 at 6:38 PM IST
দেরাদুন, 7 জুন: বড়সড় দুর্ঘটনার হাতে থেকে রক্ষা ! শনিবার উত্তরাখণ্ডের সিরসি থেকে কেদারনাথ যাওয়ার পথে হেলিপ্যাডের বদলে জাতীয় সড়কে জরুরি অবতরণ করল হেলিকপ্টার ৷ একটুর জন্য রক্ষা পেলেন যাত্রীরা ৷ তবে, সামান্য আহত হয়েছেন পাইলট ৷
জানা গিয়েছে, হেলিকপ্টারটি ক্রিস্টাল এভিয়েশন প্রাইভেট লিমিটেডের কম্পানির ৷ এদিন সকালে 6 জন যাত্রী-সহ সিরসি থেকে কেদারনাথের পথে রওনা দেয় কপ্টারটি ৷ কিছুটা যাওয়ার পর কপ্টারে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন চালক ৷ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে অবশেষে বাদাসুরের কাছে কেদরানাথ জাতীয় সড়কের উপর কপ্টারের জরুরি অবতরণ করেন তিনি ৷
ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে, সামান্য আহত হয়েছেন পাইলট ৷ জানা গিয়েছে, নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷ ঘটনায় জাতীয় সড়কের উপর থাকা একটি গাড়ির ক্ষতি হয়েছে ৷ কারণ হেলিকপ্টারের লেজটি একটি গাড়ির উপর পড়েছিল ৷ জাতীয় সড়কের উপর এমন দৃশ্য দেখে নিমেষের মধ্য়ে ভিড় জমে যায় ৷
উল্লেখ্য, গত 8 মে উত্তরকাশীতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট-সহ 6 জনের মৃত্যু হয় ৷ অ্য়ারোট্রানস সার্ভিস প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি দেরাদুন থেকে সহস্ত্রধারা হয়ে খরশালি হেলিপ্য়াডের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উত্তরকাশীর কাছে গঙ্গনিতে দুর্ঘটনা ঘটে ৷ এর আগে 17 মে কেদারনাথ ধামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ঋষিকেশ এইমস হাসপাতালের এয়ার অ্য়াম্বুল্য়ান্স ৷ জানা গিয়েছে, কপ্টারটি পিনাকল কম্পানির ছিল ৷ দুর্ঘটনার সময় এয়ার অ্য়াম্বুল্যান্সে দুই চিকিৎসক ছিলেন ৷ ডিজিসিএ-র তথ্য অনুযায়ী, রোগীদের উদ্ধারের জন্য ঋষিকেশ থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেয় কপ্টারটি ৷ যাত্রাপথে দুর্ঘটনাটি ঘটে ৷

