প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত 69
গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে হিমাচল ৷ আর তার জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ অনেকেরই খোঁজ মিলছে না ৷

Published : July 4, 2025 at 1:14 PM IST
|Updated : July 4, 2025 at 1:26 PM IST
সিমলা, 4 জুলাই: মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ গেল কমপক্ষে 69 জনের ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশি 500 কোটি ! গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে ৷ তার জেরে গত 14 দিনেই এই এত সংখ্যক মানুষের প্রাণ গিয়েছে ৷ সম্পূর্ণ বিপর্যস্ত জনজীবন ৷
মৃতের সংখ্যা থেকে শুরু করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনের একটা বড় অংশ ৷ চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস ৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 7 জুলাই পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্র ভারী বৃষ্টি হতে পারে ৷ জারি হয়েছে লাল সতর্কতা ৷

উদ্ধারের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে দেখছে প্রশাসন ৷ প্রাথমিকভাবে মনে করছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 500 কোটি টাকা ৷ বৃষ্টির জেরে বহু বাড়ি ভেঙে গিয়েছে ৷ রাস্তা থেকে শুরু করে অস্থায়ী সেতুর ক্ষতি হয়েছে ৷ বেশ কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷

উদ্ধারের কাজ শুরু করে হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ৷ কোথাও কেউ আটকে পড়লে তাঁকে উদ্ধার করা হচ্ছে ৷ প্রবল বর্ষণের জেরে রাজ্যে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে ৷ বহু জায়গায় জলের লাইন নষ্ট হয়েছে ৷ এই বিষয়টি আলাদা করে ভাবাচ্ছে প্রশাসনকে ৷ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন ৷ প্রতিটি এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷

বৃষ্টির জেরে আর্থিক ক্ষতির পরিমাণ রোজই বাড়ছে ৷ 2 জুলাই 407 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানায় সরকার ৷ ঠিক 24 ঘণ্টা বাদে 3 তারিখ সন্ধ্যায় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে হয়েছে 495 কোটি টাকা ৷ মানে একদিনেই 88 কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ সাধারণত, হিমাচলে বর্ষার দাপট সবচেয়ে বেশি থাকে ৷ আর সেদিক থেকে জুলাইয়ের শুরুতেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এই পাহাড়ি রাজ্য ৷

14 দিনে 69 জনের মৃত্যু
এ বছর দেশে সময়ের আগেই প্রবেশ করেছিল বর্ষা ৷ হিমাচল প্রদেশেও নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু ৷ এমনিতেই 25 জুন বা তার কয়েকদিন পর আসে বর্ষা ৷ এবার বর্ষার মরশুম শুরু হয়েছে 20 তারিখ থেকে ৷ সেই তখন থেকেই প্রবল দাপট দেখাচ্ছে বৃষ্টি ৷ জমা জলে ডুবে বা অন্য কয়েকটি ঘটনার জেরে বর্ষার শুরু থেকে গত 14 দিনে প্রাণ গিয়েছেে 69 জনের ৷ 6 জনের প্রাণ গিয়েছে বিলাসপুরে ৷ চম্বায় প্রাণ গিয়েছে 7 জনের ৷ হামিরপুরে মৃতের সংখ্যা 13 ৷ কাংরায় প্রাণ গিয়েছে 3 জনের ৷ কিন্নুরে 4 জনের মৃত্যু হয়েছে ৷ এর পাশাপাশি 110 জন আহত হয়েছেন ৷ এখনও খোঁজ মিলছে না 37 জনের ৷


