ETV Bharat / bharat

দলিত আইপিএসের মৃত্যুতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ তফশিল কমিশনের, সিট গঠন চণ্ডীগড় পুলিশের

হরিয়ানা পুলিশের এডিজিপ ওয়াই পুরন কুমারকে পুলিশের পদস্থ কর্তারা অত্যাচার করতেন বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় পদক্ষেপ করল জাতীয় তফশিল কমিশন ৷

Haryana IPS Death Case
হরিয়ানার এডিজিপি ওয়াই পুরন কুমারের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 2:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 10 অক্টোবর: আইপিএসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় তফশিলি জাতি কমিশন (এনসিএসসি) ৷ গত 7 অক্টোবর বাড়িতে নিজেকে গুলি করে শেষ করেন হরিয়ানা পুলিশের এডিজি ওয়াই পুরণ কুমার ৷ তিনি দলিত ৷ তাঁর লেখা নোট অনুযায়ী তাঁকে জাতপাত সংক্রান্ত বিষয়ে হেনস্তা করতেন হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ সিং কাপুর এবং রোহটাকের এসপি নরেন্দ্র বিজারনিয়া ৷ এদিকে এডিজিপি ওয়াই পুরন কুমারের মৃত্যুর তদন্তে ছ'সদস্য বিশিষ্ট বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে চণ্ডীগড় পুলিশ ৷ কমিটির নেতৃত্বে রয়েছেন চণ্ডীগড়ের আইজিপি পুষ্পেন্দ্র কুমার ৷

এই সংক্রান্ত অর্ডারে জানানো হয়েছে, "ঘটনার যে অভিযোগ উঠেছে, তার গুরুত্ব ও সংবেদনশালীতা মাথায় রেখে একটি সিট গঠন করা হয়েছে ৷ সিট এফআইআর-এর সব দিক খতিয়ে দেখবে ৷ প্রমাণ সংগ্রহ, সাক্ষীদের যাচাই করা, বিশেষজ্ঞদের মতামত নেওয়া থেকে শুরু করে আইনি পরামর্শ পর্যন্ত নেবে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে এই তদন্ত শেষ হবে ৷"

স্বামীর মৃত্যুতে পুলিশের দুই শীর্ষ আধিকারিক প্ররোচনা দিয়েছেন- এই অভিযোগে এফআইআর দায়ের করেছেন পুলিশ আধিকারিকের স্ত্রী আইএএস অমনীত পি কুমার ৷ বুধবার সন্ধ্যায় সেক্টর-2 চণ্ডীগড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন অমনীত পি কুমার ৷

এদিকে দলিত আইপিএসের মৃত্যুর ঘটনায় চণ্ডীগড়ের মুখ্যসচিব এবং ডিজিপিকে নোটিশ জারি করেছে এনসিএসসি ৷ এই ঘটনায় পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ করেছে তা আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে ৷ কমিশন আরও জানিয়েছে, সংবিধানের 338 ধারার আওতায় তারা তদন্ত করছে ৷ এর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য, এফআইআরের নম্বর, তারিখ এবং কী কী ধারায় এফআইআর দায়ের হয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, ক্ষতিগ্রস্ত পরিবারকে কোনও আর্থিক সাহায্য করা হয়েছে কি না- এই সমস্ত তথ্যও বিস্তারে জানতে চেয়েছে কমিশন ৷

আইপিএস ওয়াই পুরন সিংয়ের মৃত্যুর ঘটনার সময় অমনীত হরিয়ানা সরকারের জাপান সফরের প্রতিনিধি দলে ছিলেন ৷ খবর পেয়ে তিনি দ্রুত দেশে ফিরে আসেন ৷ তিনি জানিয়েছেন, পুলিশ আধিকারিকের ল্যাপটপের ব্যাগ থেকে একটি নোট খুঁজে পান ৷ তাতে আইপিএস তাঁকে হেনস্তার কথা, তাঁর বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের কথা বিস্তারিত লিখে গিয়েছেন ৷ এই নোটের ভিত্তিতে অমনীত পি কুমার অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে তিনি জানিয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পুরন কুমারের উপর পদ্ধতিগতভাবে অত্য়াচার চালিয়ে গিয়েছেন ৷ সেই চাপ সহ্য না করতে পেরে নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছেন আইপিএস ৷

তাঁর স্বামীকে পদ্ধতিগতভাবে হেনস্তা করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ডিজিপি ও রোহতকের এসপি'র বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 108 নম্বর ধারা (আত্মহত্যায় প্ররোচনা), তফশিলি জাতি-উপজাতি (অত্যাচার প্রতিরোধকারী) আইনের আওতায় মামলা দায়েরের অনুরোধ জানিয়েছেন অমনীত ৷ শেষে বৃহস্পতিবার রাতে চণ্ডীগড় পুলিশের কাছে এফআইআর দায়ের করেন ৷ অমনীত এফআইআর দায়ের করা নিয়ে একটি চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিকে ৷