ETV Bharat / bharat

ভারতে ভোটের হার বৃদ্ধিতে আমেরিকা অনুদান দেয়নি, জানাল অর্থমন্ত্রক

ভারতের নির্বাচনে ভোটের হার বৃদ্ধিতে মার্কিন প্রশাসনের অনুদান দেওয়া নিয়ে উত্তাল দেশের রাজনীতি ৷ সংশ্লিষ্ট অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট প্রকাশ করল অর্থ মন্ত্রক ৷

Finance Ministry 2024 Report on USAID
ভোটের হার বৃদ্ধিতে আমেরিকার ইউএসএআইডি অনুদান দেয়নি (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : February 23, 2025 at 6:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতে ভোটের হার বৃদ্ধিতে কোনও আর্থিক সাহায্য করেনি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৷ মার্কিন অনুদান নিয়ে বিস্তর জলঘোলার মাঝে 2023-24 অর্থবর্ষে ইউএসএইড নিয়ে বার্ষিক রিপোর্ট প্রকাশ করল অর্থমন্ত্রক ৷

সেই বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে, 2023-24 অর্থবর্ষে ইউএসএইড 7টি প্রজেক্টে প্রায় 750 মিলিয়ন বা 75 কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে ৷ এই রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইউএসএইড ও ভারত সরকারের অংশীদারিত্বে প্রায় 750 মিলিয়ন ডলারের সাতটি প্রজেক্ট রয়েছে ৷ 2023-24 অর্থবর্ষে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) 97 মিলিয়ন ডলার, ভারতীয় টাকায় 825 কোটি অনুদান দিয়েছে ৷

অর্থ মন্ত্রকের অধীনে আর্থিক বিষয়ের দফতর দ্বিপাক্ষিক অনুদানের ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে রয়েছে ৷ এই দফতরের তরফে 2023-24 অর্থবর্ষের রিপোর্টে ওই সাতটি প্রজেক্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে ৷ এই সময়ের মধ্যে ভোটের হার বৃদ্ধিতে কোনও অর্থসাহায্য করেনি জো বাইডেনের মার্কিন প্রশাসন ৷ কিন্তু কৃষি এবং খাদ্য সুরক্ষা প্রকল্প, জল, নিকাশি এবং স্বাস্থ্য (ডব্লিউএএসএইচ), পুনর্নবীকরণ শক্তি, বিপর্যয় মোকাবিলা ও স্বাস্থ্য খাতে অর্থসাহায্য করেছে আমেরিকা ৷

1951 সাল থেকে আমেরিকা ভারতকে এই দ্বিপাক্ষিক উন্নয়নে সাহায্য করে আসছে ৷ এই অনুদানের দায়িত্বে থাকে ইউএসএআইডি ৷ এখনও পর্যন্ত মার্কিন প্রশাসনের এই এজেন্সি ভারতের 555 টিরও বেশি প্রজেক্টে 17 বিলিয়ন বা 1 হাজার 700 কোটি ডলারেরও বেশি আর্থিক সাহায্য করেছে ৷

20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ৷ এরপর তিনি দেশের অবৈধ অভিবাসীর সংখ্যা কমানো এবং মার্কিন প্রশাসনের খরচ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছেন ৷ এই সংক্রান্ত 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (ডিওজিই) 16 ফেব্রুয়ারি দাবি করে যে, ইউএসএআইডি ভারতকে যে 21 মিলিয়ন ডলার অনুদান দিচ্ছিল, তা বন্ধ করা হচ্ছে ৷ মার্কিন নাগরিকদের এই করের টাকা ভারতের ভোটের হার বৃদ্ধিতে অনুদান দেওয়া হয়েছে বলে চারবার একের পর এক মন্তব্য করতে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ তাঁর মন্তব্যে দেশের রাজনীতির পারদ চড়তে শুরু করে ৷