আমৃত্যু কারাবাস, কয়েদির বেশ-নম্বর; নয়া ঠিকানা দেবগৌড়ার নাতির
চারটির মধ্যে একটি ধর্ষণের মামলায় প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে আদালত ৷ প্রাক্তন সাংসদের নতুন ঠিকানা এখন বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগার ৷

Published : August 3, 2025 at 4:14 PM IST
|Updated : August 3, 2025 at 4:39 PM IST
বেঙ্গালুরু, 3 অগস্ট: একদা সাংসদ এখন কয়েদি ! শনিবার এমপি-এমএলএ-দের জন্য নির্দিষ্ট আদালত পরিচারিকাকে ধর্ষণের ঘটনায় প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে ৷ এরপর এদিন রাতেই নিয়ম মেনে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷ রবিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতিকে প্রথা অনুযায়ী সরকারি নম্বর বরাদ্দ করে বেঙ্গালুরুর পারাপ্পানা আগরাহারা কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ সরকারি সূত্রে খবর, প্রাক্তন সাংসদ এখন 15528 নম্বর বন্দি ৷
গতকালই আদালতে ভেঙে পড়েছিলেন কর্ণাটকের হাসান লোকসভার প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল ৷ তাঁর সাজা কমিয়ে দেওয়ার জন্য বিচারকের কাছে কাকুতি-মিনতিও করেছিলেন ৷ তাতে অবশ্য আদালত কর্ণপাত করেনি ৷ তবে নিম্ন আদালতের যাবজ্জীবন সাজার রায়কে চ্যালেঞ্জ চালিয়ে প্রাক্তন সাংসদ হাইকোর্টে আবেদন জানিয়েছেন বলে খবর ৷ এই মুহূর্তে তিনি কারাগারে উচ্চ-নিরাপত্তার ঘেরাটোপে বন্দি ৷ দেবগৌড়ার নাতির জন্য সংশ্লিষ্ট সেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ আর দশজন কয়েদির মতো প্রজ্জ্বল এখন কারাবাসের নির্দিষ্ট পোশাক পরছেন ৷
প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্জ্বলের বিরুদ্ধে চারটি ধর্ষণের মামলা রয়েছে ৷ তার মধ্যে শুধু একটির রায় ঘোষণা হয়েছে গতকাল ৷ বিচারক সন্তোষ গজানন ভাট তাঁকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনান ৷ 48 বছর বয়সি এক মহিলাকে ধর্ষণের মামলায় শুক্রবার বেঙ্গালুরু বিশেষ আদালতের বিচারক প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্জ্বলকে দোষী সাব্যস্ত করেন ৷ ওই মহিলা রেভান্নাদের খামার বাড়িতে পরিচারিকার কাজ করতেন ৷ খামার বাড়িটি বেঙ্গালুরু থেকে 110 কিমি দূরে অবস্থিত ৷ নির্যাতিতা মহিলা মাইসোর জেলার বাসিন্দা ৷ 2021 সালে প্রজ্জ্বল তাঁকে দু'বার ধর্ষণ করেছিল বলে অভিযোগ করেন নির্যাতিতা ৷ পাশাপাশি সেই ধর্ষণের ভিডিয়ো প্রজ্জ্বল তাঁর মোবাইলে তুলে রেখেছিলেন বলেও অভিযোগ ৷ আদালত প্রজ্জ্বলকে যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি 11.50 লক্ষ টাকা জরিমানা করেছে ৷ এর মধ্যে 11.25 টাকা নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷
প্রজ্জ্বলের বিরুদ্ধে কোন ধারায় কী মামলা
ভারতীয় দণ্ডবিধির 376(2)(k) নম্বর (মহিলাদের উপর কর্তৃত্ব ফলানো, ধর্ষণ), 376 (2)(n) (একাধিক বার ধর্ষণ), 354A (যৌন নিগ্রহ), 354B (মহিলার সম্মানহানি), 354C (ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তোলা), 506 (হুমকি দেওয়া) এবং 201 (প্রমাণ নষ্ট করা) ৷ এছাড়া এই মামলার বিশেষ তদন্তকারী দল (সিট) তথ্য প্রযুক্তি আইনের 66E ধারায় (গোপনীয়তার অধিকার লঙ্ঘন) মামলা দায়ের করে ৷
প্রজ্জ্বল রেভান্নাকে কী সাজা দিল আদালত ?
- ভারতীয় দণ্ডবিধির 376(2)(k) ধারায় রেভান্নার যাবজ্জীবন কারাবাসের সাজা এবং 5 লক্ষ টাকা জরিমানা
- 376(2)(n) ধারায় আমৃত্যু কারাবাস, সঙ্গে 5 লক্ষ টাকা জরিমানা
- 354A ধারায় তিন বছরের জন্য সশ্রম কারাবাসের পাশাপাশি 25 হাজার টাকা জরিমানা
- 354B ধারার আওতায় 50 হাজার টাকা জরিমানা এবং 7 বছরের সশ্রম কারাবাস
- 354C ধারায় তিন বছরের সশ্রম কারাবাসের সাজা ৷ সঙ্গে 25 হাজার টাকা জরিমানা
- 506 নম্বর ধারার আওতায় দু'বছরের সশ্রম কারাবাস এবং 10 হাজার টাকার জরিমানা
- 201 নম্বর ধারায় তিন বছরের কারাবাসের সঙ্গে 25 হাজার টাকা জরিমানা
- তথ্য প্রযুক্তি আইনের 66E ধারার আওতায় তিন বছরের কারাবাস ৷ 25 হাজার টাকা জরিমানা
2024 সালে দেশজুড়ে লোকসভা নির্বাচন চলাকালীন প্রজ্জ্বলের ধর্ষণের বহু ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ সেবার তিনি কর্ণাটকের হাসান লোকসভা আসন থেকে জেডি(এস) প্রার্থী হয়ে ভোটে লড়ছিলেন ৷ এই ঘটনায় তাঁর লোকসভা কেন্দ্রে শোরগোল পড়ে যায় ৷ যৌন কেলেঙ্কারির কথা ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নার ছেলে প্রজ্জ্বল ৷
এই পরিস্থিতিতে জেডি(এস) প্রার্থী রেভান্না তাঁর কেন্দ্রে ভোটের পরপরই গ্রেফতারি এড়াতে তড়িঘড়ি দেশের বাইরে চলে যান প্রজ্জ্বল ৷ 31 মে মধ্যরাতে জার্মানি থেকে ফেরার সঙ্গে সঙ্গে কর্ণাটকের কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর থেকে 14 মাস বেঙ্গালুরুর পারাপ্পানা আগরাহারা সংশোধনাগারে বন্দি ছিলেন হাসানের প্রাক্তন সাংসদ ৷ ধর্ষণের অভিযোগের মামলা দায়ের হতেই তাঁকে দল থেকে সাসপেন্ড করে জেডি(এস) ৷ পরে ভোটের ফল ঘোষণার পর দেখা যায়, তিনি 42 হাজার 649 টি ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ৷

