ETV Bharat / bharat

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, শনিতে সাজা ঘোষণা

গত লোকসভা নির্বাচনের সময় প্রাক্তন জেডি(এস) সাংসদের যৌন কেলেঙ্কারির কথা জানাজানি হয় ৷ ধর্ষণের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত ৷

Former JD(S) MP Prajwal Revanna Convicted in rape case
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না দোষী সাব্যস্ত (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 8:55 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বেঙ্গালুরু, 1 অগস্ট: ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন জেডি(এস)-এর প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না ৷ শুক্রবার বেঙ্গালুরুতে জনপ্রতিনিধিদের জন্য নির্দিষ্ট বিশেষ আদালত ধর্ষণের মামলায় প্রজ্জ্বলকে দোষী সাব্যস্ত করে ৷ আগামিকাল সাজা ঘোষণা করবে বিশেষ আদালত ৷

2024 সালের লোকসভা নির্বাচনের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের ধর্ষণের একাধিক ভিডিয়ো পেনড্রাইভে ছড়িয়ে পড়ে ৷ সেবার তিনি কর্ণাটকের হাসান লোকসভা আসন থেকে ভোটে প্রার্থী হয়েছিলেন ৷ এদিকে ভোটের পরপর তাঁর যৌন কেলেঙ্কারির কথা ছড়িয়ে পড়ায় গ্রেফতারি এড়াতে তড়িঘড়ি তিনি দেশের বাইরে চলে যান ৷ 31 মে মধ্যরাতে জার্মানি থেকে ফেরার সঙ্গে সঙ্গে কর্ণাটকের কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর থেকে 14 মাস বেঙ্গালুরুর পারাপ্পানা আগরাহারা জেলে বন্দি রয়েছেন রেভান্না ৷ তাঁকে দল থেকে সাসপেন্ড করে জেডি(এস) ৷ পরে ভোটের ফল ঘোষণার পর দেখা যায়, তিনি 40 হাজার ভোটে পরাজিত হয়েছেন ৷

এদিন বিচারক গজানন হেজ 48 বছর বয়সি এক মহিলাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন প্রাক্তন জেডি(এস) সাংসদ প্রজ্জ্বলকে ৷ ওই মহিলা তাঁদের খামার বাড়িতে পরিচারিকার কাজ করতেন ৷ খামার বাড়িটি বেঙ্গালুরু থেকে 110 কিমি দূরে অবস্থিত ৷ নির্যাতিতা মহিলা মাইসোর জেলার বাসিন্দা ৷ 2021 সালে তাঁকে প্রজ্জ্বল দু'বার ধর্ষণ করেছিল বলে অভিযোগ করেন নির্যাতিতা ৷ পাশাপাশি ধর্ষণের ভিডিয়ো তোলেন তাঁর মোবাইলে ৷

প্রাক্তন জেডি(এস) সাংসদের বিরুদ্ধে সাইবার অপরাধে ভারতীয় দণ্ডবিধির 376(2)(N), 376(2)(K), 506, 354-A, 354(A), 354(B), 354(C) ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের 66E ধারায় মামলা দায়ের করে নির্যাতিতা ৷

এদিন বিচারক রায় ঘোষণার সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি আদালত কক্ষেই ভেঙে পড়েন ৷ এর আগে আদালত কক্ষেই তাঁকে মন্ত্রোচ্চারণ করতে দেখা যায় ৷ এছাড়াও আরও তিনটি যৌন নিগ্রহ ও ধর্ষণের মামলায় অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না ৷ মামলাগুলির বিচার চলছে ৷

প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল কর্ণাটক সরকার ৷ তদন্তকারী আধিকারিকরা 123টি প্রমাণ জোগাড় করেন ৷ এই মামলায় 113 জন সাক্ষ্য দিয়েছে ৷ গত বছর জনপ্রতিনিধি আদালতে প্রজ্জ্বলের বিরুদ্ধে 2 হাজার পাতার চার্জশিট জমা দেয় সিট ৷

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীর ভাইপো প্রজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ, তিনি হাসানে তাঁর খামার বাড়িতে মহিলাকে ধর্ষণ করেন ৷ পরে তাঁর বাবা এইচ ডি রেভান্নার বাসস্থান বাসাভানাগুড়িতে ওই মহিলাকে আবার ধর্ষণ করেন ৷ সঙ্গে এই ঘটনা মোবাইলে ভিডিয়ো করে রাখেন ৷

এদিকে এই মামলায় ছেলে রক্ষা করতে তাঁর বাবা এইচ ডি রেভান্না এবং মা ভবানী রেভান্না নির্যাতিতাকে অপহরণ করেছে বলে অভিযোগ ৷ ওই নির্যাতিতা কোনওভাবে সাক্ষ্য দিতে না পারেন সেই চেষ্টা করেছেন প্রজ্জ্বলের বাবা-মা ৷ যৌন কেলেঙ্কারির বিষয় জানাজানি হতেই নির্যাতিতাকে রাজাগোপাল নামের এক ব্যক্তি অপহরণ করে বলে অভিযোগ ওঠে ৷ রাজাগোপাল প্রজ্জ্বলের বাবা-মায়ের হয়ে এই কাজ করেছিল বলে জানা যায় ৷ নির্যাতিতাকে মাইসোর জেলায় হুনসুর তালুকের একটি খামার বাড়িতে আটকে রাখা হয় ৷ পরে বিশেষ তদন্তকারী দল গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে ৷