রেঞ্জারকে হত্যা করে 20 মিনিট ধরে দেহ আগলে বসে বাঘ
রণথম্ভোর জাতীয় উদ্যানের 3 নম্বর জোনে এক রেঞ্জারের উপর আক্রমণ করে একটি বাঘ । ঘটনাস্থলেই ওই বনকর্মীর মৃত্যু হয় ।

Published : May 12, 2025 at 11:43 AM IST
সওয়াই মাধোপুর(রাজস্থান), 12 মে: বাঘের আক্রমণে রেঞ্জারের মৃত্যু ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে ৷ মৃতের নাম দেবেন্দ্র চৌধুরী ৷ রেঞ্জারের ঘাড়ে বাঘের দাঁত ও নখের চিহ্ন পাওয়া গিয়েছে । তাঁর মৃত্যুর পরও বাঘটি প্রায় 20 মিনিট ধরে রেঞ্জারের দেহের কাছে বসে ছিল বলে দাবি বনবিভাগের ।
বনবিভাগ সূত্রে খবর, রেঞ্জার দেবেন্দ্র চৌধুরী রণথম্ভোরের 3 নম্বর জোনে কর্তব্যরত ছিলেন ৷ রবিবার যোগী মহলের কাছে ট্রেকিং করছিলেন । সেই সময় হঠাৎ ছোটি ছাতরির কাছে একটি বাঘ রেঞ্জারের উপর আক্রমণ করে । রেঞ্জারের কণ্ঠস্বর শুনে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ কিন্তু ততক্ষণে বাঘটি রেঞ্জারকে হত্যা করে ফেলে । তারপর দেহ আগলে বসে থাকে বাঘটি ৷ যার ফলে দেহ উদ্ধারে বেগ পেতে হয় বনবিভাগকে ৷ পরে রেঞ্জারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় ৷

খবর পেয়ে জেলা হাসপাতালের মর্গে পৌঁছে বনবিভাগের আধিকারিকদের কাছ থেকে ঘটনা সম্পর্কে তথ্য নেন কৃষিমন্ত্রী কিরোরি লাল মীনা । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে এই ঘটনার তদন্তের জন্য বলব । রণথম্ভোরে এর আগেও তিন থেকে চারটি একই রকম ঘটনা ঘটেছে । যেখানে বাঘের আক্রমণে একটি শিশু এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । কোনও বাঘ মানুষখেকো হয়ে উঠেছে কি না তা তদন্তের বিষয় ।"
একই সঙ্গে কৃষিমন্ত্রী বলেন, "বন বিভাগে এ ধরণের ঘটনার জন্য কোনও আর্থিক সাহায্যের কোনও ব্যবস্থা নেই । এই নিয়ে আমি মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করব ৷"

