ক্যাম্পাসে তাণ্ডব চালানোর অভিযোগ, শিলচর NIT থেকে বহিষ্কৃত 5 বাংলাদেশি পড়ুয়া
8 সেপ্টেম্বর রাতে মাদকাসক্ত অবস্থায় পাঁচ ছাত্র তাণ্ডব চালায় ক্যাম্পাসে ৷ তাদের হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন ৷

Published : September 15, 2025 at 4:35 PM IST
শিলচর, 15 সেপ্টেম্বর: অসমের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) পাঁচ বাংলাদেশের ছাত্রকে ক্যাম্পাসে হিংসা, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ৷ তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপে ভর্তি হওয়া এই ছাত্রদের ঘরে তল্লাশির সময় মাদকদ্রব্যও মিলেছে বলে অভিযোগ ৷
এনআইটি ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য বলেন, "পাঁচজন ছাত্রকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ক্যাম্পাস হিংসাত্মক কার্যকলাপে তারা সক্রিয়ভাবে জড়িত ছিল এবং তাদের দুটি সেমিস্টারের জন্য বরখাস্ত করা হয়েছে ৷"
8 সেপ্টেম্বর বাংলাদেশের তৃতীয় বর্ষের একদল ছাত্রের উপর হামলার অভিযোগ ওঠে। ডিরেক্টর বলেন, "আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি এবং পাঁচজন ছাত্রকে এক শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করেছি। শাস্তির অংশ হিসেবে তাদের হস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে ৷"
স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন এসএস ধর বলেন, "অভিযুক্তদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, যা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সময় বিবেচনা করা হয়েছিল। প্রাথমিকভাবে, ক্যাম্পাসে হিংসার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সন্দেহভাজন মাদকদ্রব্য ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা হয়েছে ৷"
প্রত্যক্ষদর্শীদের মতে, 8 সেপ্টেম্বর রাতে মাদকাসক্ত অবস্থায় পাঁচ ছাত্র তাণ্ডব চালায় ক্যাম্পাসে ৷ সহপাঠীদের উপরও হামলা চালায় তারা। এক ছাত্রের কথায়, "ওরা রড, ছুরি আরও কিছু হাতিয়ার নিয়ে এসেছিল ৷ বাংলাদেশেরই এক পড়ুয়াকে লক্ষ্য করে প্রায় আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ৷ ওদের হামলায় ওই ছাত্র গুরুতর আহত হয়েছে ৷"
আরও এক ছাত্র জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে তাদের নিজেদের ব্যাচের ছাত্রদের উপর হামলা চালায়। সিনিয়ররা হস্তক্ষেপ করার চেষ্টা করলে, আক্রমণকারীরা তাদের আলোচনার জন্য একটি কক্ষে ডেকে নিয়ে যায় ৷ সেখানে হঠাৎ আলো নিভিয়ে দিয়ে অস্ত্র নিয়ে ফের হামলা চালানো হয়েছে ৷ এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছে ৷
আহত বেশ কয়েকজন ছাত্রকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (SMCH) নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দু'জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে ৷ আহতদের আইসিইউতে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। NIT কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা নিজেরা তদন্ত করেছে, গুয়াহাটি জোনের একজন সিনিয়র ICCR আধিকারিকও ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি বলেন, "আমরা আমাদের তদন্ত এবং শাস্তিমূলক যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট ৷ ক্যাম্পাস পরিদর্শনকারী গৌহাটির আইসিসিআর ডিরেক্টরও আমাদের তদন্তে সন্তুষ্ট ৷"

