পহেলগাঁও হামলার নিন্দায় আফগান বিদেশমন্ত্রী, তালিবান সরকারের সঙ্গে বৈঠক জয়শঙ্করের
আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ ভারতে ফের চালু হবে আফগান দূতাবাস ৷

Published : October 10, 2025 at 7:17 PM IST
নয়াদিল্লি, 10 অক্টোবর: দেশের মাটিতে ভারত-বিরোধী কোনও কাজে ব্যবহার করতে দেওয়া হবে না ৷ শুক্রবার নাদিল্লিতে প্রতিশ্রুতি দিলেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ৷ ছ'দিনের সফরে বৃহস্পতিবার তিনি ভারতে এসেছেন ৷ মুত্তাকি আরও জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতে কূটনীতিক পাঠাবে তালিবান সরকার ৷ দিল্লিতে গত দু'বছর ধরে বন্ধ থাকা আফগান দূতাবাসের তালাও খুলতে চলেছে ৷ পাকিস্তানের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্কের মাঝে আফগান বিদেশমন্ত্রীর ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
এখনও পর্যন্ত ভারতে আফগানিস্তানের পূর্বতন আশরফ ঘানি সরকারের নিয়োগ করা কূটনীতিকরাই রয়েছেন ৷ 2021 সালের 15 অগস্ট কাবুলের দখল নেয় তালিবান সেনা ৷ সেই সময় কাবুলে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার ৷ এরপর 2022 সালের জুনে আফগান রাজধানীতে একটি 'টেকনিক্যাল টিম' মোতায়েন করে ভারত ৷ এদিন তাঁর বক্তৃতার প্রথমেই বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, ভারত ও আফগানিস্তান- দুই দেশই সীমান্তে সন্ত্রাসকে দু'দেশের জন্য অংশীদারি হুমকি হিসাবে তালিকাভুক্ত করেছে ৷ এর মোকাবিলায় দু'দেশই একসঙ্গে কাজ করবে ৷
Pleased to meet FM Mawlawi Amir Khan Muttaqi of Afghanistan today in New Delhi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 10, 2025
This visit marks an important step in advancing our ties and affirming the enduring India-Afghanistan friendship.
Discussed India’s support for Afghanistan’s development, our bilateral trade,… pic.twitter.com/OLBOiv3gZZ
এই বৈঠকে মুত্তাকি ভারতকে আশ্বস্ত করেছেন, আফগানিস্তানের মাটিতে এমন কোনও কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, যা ভারতের স্বার্থের ক্ষতি করতে পারে ৷ দায়েশ জঙ্গি গোষ্ঠী (আইএসআইএস) এলাকার প্রধান চ্যালেঞ্জ বলে স্বীকৃতি দিয়েছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ৷ তিনি জানান, এই সন্ত্রাসদমন যুদ্ধের একেবার সামনের সারিতে থেকে লড়াই করছে কাবুল ৷
আফগানিস্তানে তালিবানি সরকার গঠন হওয়ার পর এই প্রথম বিদেশমন্ত্রী মুত্তাক ভারতে পা রাখলেন ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তারিত, দীর্ঘ বৈঠক করেন ৷ জয়শঙ্কর তাঁকে বলেন, "আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে এবং ভারত-আফিগানিস্তানের বন্ধুত্বকে শক্তিশালী করতে আপনার এই সফর গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷" দু'দেশের বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ধাপে ধাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে ৷ কাবুল এবার দিল্লিতে কূটনীতিক পাঠাবে ৷"
আফগানিস্তানকে 20টি অ্যাম্বুল্যান্স উপহার দিতে চলেছে ভারত ৷ তার অংশ হিসাবে এদিন মুত্তাকির হাতে পাঁচটি অ্যাম্বুল্যান্সের চাবি তুলে দেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ সোশাল মিডিয়ায় এই বিষয়টি জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷ তিনি লেখেন, "আমরা দীর্ঘ সময় ধরে আফগানিস্তানের মানুষের পাশে আছি ৷"
Also handed over 5 Ambulances to FM Muttaqi.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 10, 2025
This is part of the larger gift of 20 ambulances, and other medical equipment reflecting our long standing support for Afghan people.
🔗: https://t.co/1tqdAoB4L5 https://t.co/wX1QP5Ms6x pic.twitter.com/5C4OxWhtHp
বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তালিবান সরকারের বিদেশমন্ত্রী মুত্তাকির বৈঠকের পর একটি বিবৃতিতে জানানো হয়েছে, "22 এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে আফগানিস্তান ৷ তিনি ভারত সরকারের এবং দেশের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ এর ভূয়সি প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী ৷ দু'পক্ষই দ্বিধাহীন ভাবে এই অঞ্চলের অন্যান্য দেশগুলির সন্ত্রাসবাদী কার্যকলাপের সমালোচনা করেছে ৷ তাঁরা এই অঞ্চলে শান্তি, স্থিরতা এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখার গুরুত্বের কথা তুলে ধরেছেন ৷"
ভারত ও আফগানিস্তানের বিমানের সংখ্যা বাড়তে চলেছে ৷ বিদেশমন্ত্রী বলেন, "ব্যবসা-বাণিজ্যকে উজ্জীবিত করতে আমরা দু'দেশই উৎসাহী ৷ আমি আনন্দিত যে কাবুল ও নয়াদিল্লির মধ্যে অতিরিক্ত বিমান চলাচল শুরু হবে ৷" চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা কড়া সমালোচনা হয় বিশ্বজুড়ে ৷ সেই সময় ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব আনন্দ প্রকাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এর নিন্দা করেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী মুত্তাক ৷ এদিকে আফগানিস্তানে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বারবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত ৷

