অপরাধী ও নির্যাতিতরা এক সারিতে নয় ! ব্রিটেনকে সাফ জানাল ভারত
পহেলগাঁওয়ে হামলার নিন্দা করেছে ব্রিটিশ সরকার ৷ অপারেশন সিঁদুরের পর পাক-সফরে গিয়েছিলেন বিদেশ সচিব ল্যামি ৷ শনিবার তাঁর কাছে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর ৷

By PTI
Published : June 7, 2025 at 5:00 PM IST
নয়াদিল্লি, 7 জুন: সন্ত্রাসবাদের বিরদ্ধে ভারতের নীতি 'জিরো টলারেন্স' ৷ শনিবার ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিশ্চিত করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ অপারেশন সিঁদুর এবং তারপর চারদিন ব্যাপী ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে কয়েকটি দেশ ভারত ও পাকিস্তানকে এক সারণিতে রেখেছে ৷ স্বভাবতই এতে অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার ৷
ভারত ও ব্রিটেন- দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করতে এদিন সকালে নয়াদিল্লিতে অবতরণ করেন ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামি ৷ গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে ব্রিটেনের কিয়ের স্টারমার সরকার ৷ ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন জানিয়েছে ব্রিটেন ৷
Opening remarks at my meeting with UK Foreign Secretary @DavidLammy in Delhi today.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 7, 2025
🇮🇳 🇬🇧
https://t.co/eUWjNBWDJn
ল্যামির সঙ্গে বৈঠকের অবসরে ব্রিটিশ সরকারকে কৃতজ্ঞতা জানান বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ৷ তিনি বলেন, "আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নীতি 'জিরো টলারেন্স' ৷ আশা করি আমাদের বন্ধু দেশগুলি তা বুঝতে পারবে ৷ অপরাধী এবং নির্যাতিতকে এক সারণিতে রাখা আমরা কোনওভাবেই সহ্য করব না ৷"
ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বিদেশমন্ত্রী বলেন, "ভারত-ব্রিটেন এফটিএ এবং ডাবল কনট্রিবিউশন কনভেনশন সত্যই একটা মাইলফলক হয়ে থাকবে ৷ এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগকে আরও এগিয়ে নিয়ে যাবে ৷ পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত দিকগুলির উপর এর ইতিবাচক প্রভাব পড়বে ৷ সরবরাহ এবং মূল্যে শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে ৷"
ভারত ও পাকিস্তান- দুই দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে ব্রিটেনের ৷ ভারত-পাক সংঘর্ষের সময় উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ৷ এদিকে গত 16 মে অপারেশন সিঁদুর স্থগিতের পাঁচ দিন পরেই বিদেশ সচিব ল্যামি পাক সফরে গিয়েছিলেন ৷

