ETV Bharat / bharat

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

জগদীপ ধনখড় উপ-রাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ার পরপরই নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু করে দেয় ৷ সেপ্টেম্বর মাসে উপ-রাষ্ট্রপতি নির্বাচন হবে, জানিয়েছে কমিশন ৷

Rajya Sabha
রাজ্যসভা (ছবি সৌজন্য: সংসদ টিভি)
author img

By PTI

Published : August 1, 2025 at 2:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 1 অগস্ট: উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন ৷ আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন হবে ৷ এ সংক্রান্ত নির্দেশিকা জারি হবে 7 অগস্ট ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 অগস্ট ৷ ভোটের ফল অর্থাৎ কে উপ-রাষ্ট্রপতি হবেন, তা জানা যাবে 9 তারিখই ৷

গত 21 জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই স্বাস্থ্যজনিত সমস্যার কথা বলে উপ-রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড় ৷ পদমর্যাদা বলে তিনিই ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান ৷ পরদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন ৷ 2022 সালের অগস্টে বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346টি ভোটে হারিয়ে উপ-রাষ্ট্রপতি হন এনডিএ-র জোট প্রার্থী জগদীপ ধনখড় ৷

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রস্তুতি শুরু করে ৷ ধনখড়ের অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং রাজ্যসভার অধিবেশন পরিচালনা করছেন ৷ জগদীপ ধনখড়ের ইস্তফার পর গত 23 জুলাই একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, স্বরাষ্ট্রমন্ত্রক 22 জুলাই একটি নির্দেশিকা জারি করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফার বিষয়টি জানিয়েছে ৷ এবার সংবিধানের 324 নম্বর ধারার আওতায় দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনের বন্দোবস্ত করা হবে ৷ 1952 সালের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন এবং 1974 সালের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম মোতাবেক এই নির্বাচন হবে ৷

সংসদের উচ্চ ও নিম্ন কক্ষের সাংসদরা ভোট দানের মাধ্যমে দেশের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করবেন ৷ নির্বাচিত ও রাষ্ট্রপতি দ্বারা মনোনীত-দু'ধরনের সাংসদরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৷

মেয়াদ শেষের আগেই পদত্যাগের ঘটনা আগেও ঘটেছে

স্বাধীন ভারতের ইতিহাসে জগদীপ ধনখড় তৃতীয় উপ-রাষ্ট্রপতি, যিনি মেয়াদ শেষের আগে পদত্যাগ করেন ৷ এর আগে 1969 সালে এবং 1987 সালে আরও দুই উপরাষ্ট্রপতি এভাবে পদত্যাগ করেছিলেন ৷ 1969 সালে মৃত্যু হয় রাষ্ট্রপতি জাকির হোসেনের ৷ সেই সময় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভিভি গিরি উপ-রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন ৷ তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন ভিভি গিরি ৷ পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন ৷

একই ঘটনা ঘটে 1987 সালে ৷ উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ওই বছরের জুলাই মাসে উপ-রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন আর ভেঙ্কটরমন ৷ পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন ৷ তিনি 1984 সালের অগস্ট থেকে 1987 সালের জুলাই পর্যন্ত উপ-রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন ৷ 1992 সালের জুলাই পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন ৷