কৃষি ও কৃষক কল্যাণের প্রচেষ্টা জারি থাকবে, 'কিষাণ সম্মানে'র 11 বছরে বার্তা মোদির
9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের 11 বছর পূর্তি ৷ তার আগে কৃষি ও কৃষক কল্যাণ ইস্যুতে বিগত ইউপিএ সরকারকে নিশানা মোদির ৷

Published : June 7, 2025 at 1:50 PM IST
নয়াদিল্লি, 7 জুন: আগামী 9 জুন 11 বছর পূর্ণ হচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৷ তার আগে দেশের কৃষি ও কৃষক কল্যাণ নিয়ে কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সরকার বিগত 11 বছরে কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে কৃষকদের উন্নতিকে নিশ্চিত করেছে বলে জানান প্রধানমন্ত্রী ৷
এদিন মোদি তাঁর সোশাল মিডিয়ায় 'মাই গভ ইন্ডিয়া'র একটি পোস্ট শেয়ার করেন ৷ সেখানে মোদি লেখেন, "আমাদের কঠোর পরিশ্রমী কৃষকদের পরিষেবা দিতে পেরে, আমরা ধন্য ৷ গত 11 বছর ধরে, আমাদের বিভিন্ন উদ্যোগ কৃষকদের উন্নতিতে সাহায্য করেছে ৷ সেই সঙ্গে কৃষিক্ষেত্রে সামগ্রিক উন্নতি হয়েছে ৷ আমরা মাটির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং সেচ ব্যবস্থার উপর জোর দিয়েছি ৷ যা খুবই লাভজনক প্রমাণিত হয়েছে ৷ তাই আগামিদিনে কৃষক উন্নয়নে আমাদের প্রচেষ্টা আরও জোরদারভাবে জারি থাকবে ৷"
It’s our privilege to serve our hardworking farmers. For the past 11 years, our various initiatives have boosted prosperity for farmers and also ensured an overall transformation of the agriculture sector. We have focussed on issues like soil health and irrigation, which have… https://t.co/1eNRIe5RJb
— Narendra Modi (@narendramodi) June 7, 2025
তবে, কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে নাম না-করে বিগত ইউপিএ সরকারের ভূমিকার সমালোচনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আগে ছোট-ছোট প্রয়োজনের জন্য কৃষকদের কৃষি ঋণ নিতে বাধ্য করা হতো ৷ কিন্তু, আমাদের সরকারের সময়ে কৃষকদের সেই সব কষ্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে ৷"
এই ইস্যুতে কৃষকদের বার্ষিক নগদ সাহায্য ও ঋণ বিমা প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন মোদি ৷ উল্লেখ্য, গত কয়েকদিনে নরেন্দ্র মোদি নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন ৷ যা পরবর্তী সময়ে লাভজনক হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার ৷
উল্লেখ্য, মোদি সরকারের 11 বছরের প্রাক্কালে আরও দু’টি সাফল্য যোগ হয়েছে ৷ শুক্রবারই জম্মু ও কাশ্মীরে চেনাব রেল সেতু ও আনজি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ যার সাহায্যে পুরো ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীরকে রেলপথে সরাসরি যুক্ত করা হল ৷

