পালাতে পারেন অনিল ! ইডি সমনের পর লুক-আউট নোটিশ
শিল্পপতি মুকেশ অম্বানির ভাই অনিল অম্বানির বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করল ইডি ৷ তাঁর কোম্পানিগুলির বিরুদ্ধে বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে ৷

By PTI
Published : August 1, 2025 at 8:52 PM IST
নয়াদিল্লি, 1 অগস্ট: রিল্যায়ান্স গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি অনিল অম্বানির বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি হল ৷ আগামী 5 অগস্ট তাঁকে দিল্লিতে সদর কার্যালয়ে হাজিরার সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ তাঁর একাধিক কোম্পানির বিরুদ্ধে 17 হাজার কোটিরও বেশি আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে ৷ সূত্রের খবর, এই অবস্থায় 66 বছর বয়সি শিল্পপতি যেন দেশ ছেড়ে পালিয়ে না যান, তাই লুক-আউট নোটিশও জারি করেছে ইডি ৷
সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর্থিক প্রতারণা প্রতিরোধকারী আইনে (পিএমএলএ) শিল্পপতি অনিলের বয়ান রেকর্ড করবে ৷ তাঁর অম্বানি গ্রুপের কয়েকজন আধিকারিককেও সমনের নোটিশ পাঠিয়েছে ইডি ৷
গত 24 জুলাই থেকে কয়েকদিন ধরে শিল্পপতি মুকেশ অম্বানির ভাই অনিলের 50টি কোম্পানি এবং 25 জন ব্যক্তির 35টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ৷ অনিলের রিল্যায়ান্স ইনফ্রাস্ট্রাকচার (আর ইনফ্রা)-সহ একাধিক কোম্পানির বিরুদ্ধে 17 হাজারেরও বেশি টাকার ঋণ নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷
দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া' (সেবি)-র দেওয়া রিপোর্টের ভিত্তিতে ইডি তদন্তে জানতে পারে, আর ইনফ্রা ঋণ নিয়ে সেই অর্থ ইন্টার-কর্পোরেট ডিপোজিটস (আইসিডিএস) হিসাবে রিল্যায়ান্স গ্রুপ কোম্পানিকে দিয়েছে ৷ এই লেনদেন করেছে সিএলই নামের আরেকটি কোম্পানি ৷
রিল্যায়ান্স গ্রুপের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, 10 হাজার কোটি টাকা আরেকটি অংশীদারিকে দিয়ে দেওয়ার অভিযোগটি 10 বছরের পুরনো ৷ কোম্পানি আর্থিক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে কোম্পানির মাত্র 6 হাজার 500 কোটি টাকার ঝুঁকি নিতে সক্ষম ৷ চলতি বছরের 9 ফেব্রুয়ারি আর ইনফ্রা এই বিষয়টি খোলাখুলি জানিয়েছে ৷ বিবৃতিতে এও জানানো হয়েছে, অনিল অম্বানি 2022 সালের মার্চ মাস থেকে তিন বছর পর্যন্ত আর ইনফ্রার বোর্ডে ছিলেন না ৷ 2017-19 সালে ইয়েস ব্যাঙ্ক অম্বানির কোম্পানিগুলিকে প্রায় 3 হাজার কোটির ঋণ দিয়েছিল ৷ সেই টাকা অন্যত্র স্থানান্তরিত করার অভিযোগের তদন্ত করছে ইডি ৷

