ETV Bharat / bharat

বোরখা পরে পোলিং বুথে কে ? পরিচয় খতিয়ে দেখবেন ওঙ্গনওয়ারি কর্মীরা

ভোটের দিন ঘোষণার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলেন ওঙ্গনওয়ারি কর্মীদের ভোটের কাজে লাগানো হবে ৷

Burqa Clad voter
বিহার নির্বাচন ঘিরে একাধিক নয়া নিয়ম লাগু করেছে কমিশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 12:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 10 অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনে 17 দফা নতুন নিয়ম লাগু করা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এবার আরও একটি নয়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল দেশে নির্বাচন আয়োজনের এই নিয়ামক সংস্থা ৷ জানা গেল বোরখা পরে যাঁরা ভোট দিতে আসবেন তাঁদের পরিচয় নিশ্চিত করার কাজ করবেন ওঙ্গনওয়ারি কর্মীরা ৷

বোরখা পরে অনেকেই ভোট দিতে আসতে চান না ৷ তাতে ভোটদানের হার প্রভাবিত হয় ৷ আর তাছাড়া যাঁরা আসেন তাঁদেরও খানিকটা অস্বস্তি ভোগ করতে হয় ৷ এই পরিস্থিতির অবসান ঘটাতেই ওঙ্গনওয়ারি কর্মীদের কাজে লাগানো হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে ৷ এতে সংশ্লিষ্ট কাউকে সমস্যার মুখে পড়তে হবে না ৷ আবার কোনও রকম অস্বস্তি ছাড়াই যিনি ভোট দিতে এসেছেন তাঁর পরিচয় সম্পর্কে সবদিক থেকেই নিশ্চিত হওয়া যাবে ৷

Burqa Clad voter
নির্বাচন কমিশনের নির্দেশিকা (ছবি: নির্বাচন কমিশন)

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, বোরখা পরে ভোট দিতে আসতে যাতে কারও কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করাই এই ব্যবস্থার প্রধান লক্ষ্য ৷ তাঁদের পরিচিতি জানার ক্ষেত্রে যাতে কোনওভাবে সম্মানহানির মতো ঘটনা না ঘটে সেদিকেও খেয়াল রাখবেন পোলিং বুথে থাকা মহিলা আধিকারিকরা ৷

এর আগে চলতি সপ্তাহের সোমবার বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচনী কমিশনার সুখবীর সিং সান্ধু এবং নির্বাচনী কমিশনার বিবেক জোশী বিহার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন ৷ 28 অক্টোবর ছট পুজো ৷ তার পরপরই ভোট হবে বলে জানানো হয় ৷ পাশাপাশি সারা দেশে এসআইআর প্রক্রিয়া হবে বলে সেদিন আরও একবার জানান মুখ্য নির্বাচনী কমিশনার ৷

রাজ্যে ভোট হবে দুই দফায়- 6 ও 11 নভেম্বর ৷ প্রথম দফায় 121টি আসনে এবং দ্বিতীয় দফায় 122টি আসনে ভোট হবে ৷ ভোটগণনা 14 নভেম্বর ৷ বিহারের 243টি আসনের মধ্যে 203টি সাধারণ ৷ 2 তফশিলি উপজাতি এবং 38 তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ মোট ভোটারের সংখ্যা 7.43 কোটি ৷ তার মধ্যে পুরুষ 3.92 কোটি, মহিলা 3.50 কোটি ৷ একশো বছর বয়সি ভোটারের সংখ্যা প্রায় 14 হাজার এবং নয়া ভোটার 14 লক্ষ ৷

প্রতিটি বুথে 1 হাজার 200 জন ভোটার ভোট দিতে পারবেন ৷ সেই হিসেবে 90 হাজার 712 টি ভোটার কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিটি বুথে থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থাও ৷ এর মধ্যে বিহারে 250টি বুথ এমন যেখানে ঘোড়ায় চড়ে নজরদারি চালানো হবে ৷ এছাড়া 197টি বুথে ভোট পরিচালনা করতে নৌকায় চড়ে যেতে হবে ভোটের দায়িত্বে থাকা কর্মী এবং আধিকারিকদের ৷