ISI-কে তথ্যপাচার! গ্রেফতার DRDO-র গেস্ট হাউসের ম্যানেজার
দীর্ঘদিন ধরে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল মহেন্দ্র প্রসাদের ৷ ভারতীয় সেনা এবং ডিআরডিও-এর বিজ্ঞানীদের গতিবিধি সম্পর্কিত গোপনীয় তথ্য সরবরাহ করত ।

Published : August 13, 2025 at 2:48 PM IST
জয়পুর, 13 অগস্ট: স্বাধীনতা দিবসের আগে ফের গ্রেফতার পাক-গুপ্তচর ৷ আইএসআই-কে তথ্য পাচারের অভিযোগে জয়সলমেরের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও'র গেস্ট হাউসের ম্য়ানেজার মহেন্দ্র প্রসাদকে গ্রেফতার করল রাজস্থানের সিআইডি ৷ অভিযোগ, ভারতীয় সেনা এবং ডিআরডিও-এর বিজ্ঞানীদের গতিবিধি-সহ দেশের গোপনীয় তথ্য সে পাকিস্তানে পাচার করত ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মহেন্দ্রকে গ্রেফতার করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বুধবার তাকে আদালতে পেশ করা হবে ৷ এরপর নিজেদের হেফাজতে নিয়ে মহেন্দ্রকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ পুলিশ জানিয়েছে, মহেন্দ্র প্রসাদের বাড়ি উত্তরাখণ্ডের আলমোরা জেলার পালউনে ৷ বয়স 32 বছরের কাছাকাছি ৷ জয়সলমেরে ওই গেস্ট হাউসে চুক্তিভিত্তিক ম্যানেজারের পদে চাকরি করত ৷
সোশাল মিডিয়ার মাধ্যমে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর আধিকারিকদের সঙ্গে পরিচিতি বাড়ে তার ৷ এই গেস্ট হাউজে বিভিন্ন সময়ে মিসাইল থেকে অন্য অস্ত্রের পরীক্ষার জন্য ডিআরডিও-এর বিজ্ঞানী এবং সেনার আধিকারিকরা আসতেন ৷ সিআইডি-এর অভিযোগ, তাঁদের গতিবিধি সম্পর্কে গোপন তথ্য আইএসআই-কে পাচার করত মহেন্দ্র ৷
সিআইডির আইজি বিষ্ণুকান্ত জানান, আর কয়েকদিন পরই দেশ তথা রাজ্যজুড়ে 78তম স্বাধীনতা দিবস পালিত হবে ৷ এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিদেশী চর দ্বারা পরিচালিত সম্ভাব্য দেশবিরোধী এবং নাশকতামূলক কার্যকলাপের উপর সিআইডি ইন্টেলিজেন্সের তরফে ক্রমাগত নজর রাখা হচ্ছে । সেই সূত্র ধরেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷
নজরদারি চালানোর সময় গোপন সূত্রে ধৃত মহেন্দ্র প্রসাদের সম্পর্কে খবর পায় সিআইডি ৷ গ্রেফতারের পর প্রাপ্ত খবরের ভিত্তিতে দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তরফে যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন ৷ সেই ফোন থেকে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে মহেন্দ্রর যোগাযোগের বিষয়টি নিশ্চিত করা হয় ৷
গত 22 এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ৷ হামলায় 26 জনের মৃত্যু হয় ৷ ঘটনায় তোলপাড় হয় বিশ্ব ৷ হামলার জবাবে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গিঘাঁটিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সামরিক বাহিনী ৷ তিন দিন পর অবশেষে সংঘর্ষবিরতিতে সহমত হয় দুই দেশ ৷ এরপর উত্তর ভারতের একাধিক রাজ্য থেকে গুপ্তচরদের গ্রেফতার করা হয়েছে ৷
সবচেয়ে বেশি চর্চা হয়েছে, লাস্যময়ী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে ৷ তাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ ৷ তদন্তে জানা যায়, ট্রাভেল ব্লগের আড়ালে পাকিস্তানে গোপন তথ্য পাচার করত ধৃত ইউটিউবার ৷ তার সঙ্গে পাক হাইকমিশনের দানিশ নামে এক আধিকারিকের নিবিড় যোগাযোগ ছিল বলেও অভিযোগ ৷ সেই আধিকারিকের সহযোগিতায় জ্যোতি পাকিস্তানে ঘুরতে যায় ৷ এই পাক-আধিকারিককে আগেই ভারত থেকে বহিস্কার করা হয় ৷
তদন্তে আরও জানা যায়, এই আধিকারিকের সাহায্যে বেশ কয়েকবার পাকিস্তান ঘুরতে যায় জ্যোতি ৷ সেখান থেকে ফিরে এসে পাক গোয়েন্দা-নিরাপত্তা আধিকারিক-সহ বাকিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপ চ্যাট এবং টেলিগ্রামের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখত জ্যোতি ৷ শুধু তাই নয়, এই মাধ্যমগুলির সাহায্যে ভারত সম্পর্কিত সংবেদনশীল তথ্যও পাঠাত ৷ পাশাপাশি নয়াদিল্লিতে পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গেও প্রায়শ দেখা করত জ্যোতি ৷ এরপর আরও বেশ কয়েকজনকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় ৷ এবার গ্রেফতার হল ডিআরডিও গেস্ট হাউসের ম্য়ানেজার মহেন্দ্র প্রসাদ ৷

