ETV Bharat / bharat

হাতকড়া ও পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতে ফিরে জানালেন অবৈধ অভিবাসীরা

অবৈধ অভিবাসীদের নিয়ে বুধবার পঞ্জাবের অমৃতসরে নামে মার্কিন সামরিক বিমান। অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরানো ছিল বলে দাবি ৷

INDIAN DEPORTEES SHACKLED ON PLANE
অমৃতসরে নামে মার্কিন সামরিক বিমান (পিটিআই)
author img

By PTI

Published : February 6, 2025 at 1:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

চণ্ডীগড়, 6 ফেব্রুয়ারি: মার্কিন মুলুক থেকে বিমানে উঠতেই অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরানো হয় ৷ বুধবার তাঁদের নিয়ে অমৃতসর বিমান বন্দরে নামে মার্কিন সেনাবাহিনীর C-17 গ্লোবমাস্টার বিমানটি। অমৃতসর নামার পর শিকল থেকে তাঁদের মুক্ত করা হয় ৷ ওই বিমানে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীর মধ্য়ে একজন জসপাল সিং ৷ তিনি এমনটাই দাবি করেন ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গুরুদাসপুর জেলার হরদোরওয়াল গ্রামের বাসিন্দা 36 বছর বয়সি জসপাল সিংয়ের দাবি, গত 24 জানুয়ারি মার্কিন সীমান্তরক্ষী বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। 11 দিন আটক করে রাখা হয় ৷ তাঁর আরও সংযোজন, "আমি ভেবেছিলাম আমাদের অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ৷ তারপর একজন পুলিশ অফিসার আমাদের জানান, আমাদের ভারতে নিয়ে যাওয়া হচ্ছে ৷ হাতকড়া পরানো হয় ৷ পা বেঁধে দেওয়া হয় শিকলে ৷ অমৃতসর বিমানবন্দরে নামার পরে শিকল, হাতকড়া খুলে দেওয়া হয়।"

বুধবার রাতে নিজের শহরে পৌঁচ্ছে জসপাল বলেন, "একজন ট্রাভেল এজেন্ট তাঁর সঙ্গে প্রতারণা করেছে ৷ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাকে আইনিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। আমি এজেন্টকে সঠিক ভিসার মাধ্যমে আমাকে পাঠাতে বলেছিলাম। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে, ওর সঙ্গে আমার 30 লক্ষ টাকার চুক্তি হয়েছিল ৷

উল্লেখ্য, আমেরিকার নির্বাচনের আগে থেকেই অবৈধ অভিবাসন রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই এবিষয়ে তৎপর হয়েছেন তিনি। বিনা নথিতে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চেয়েছে ট্রাম্প প্রশাসন।

বুধবার 104 জন অবৈধ অভিবাসীকে নিয়ে আমেরিকা থেকে প্রথম দফায় আসে মার্কিন বিমান ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, 104 জনের মধ্যে 30 জন পঞ্জাবের, 33 জন করে হরিয়ানা ও গুজরাতের ৷ এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের 3 জন এবং 2 জন চণ্ডীগড়ের ৷