প্রয়াত কংগ্রেস সাংসদ বসন্ত চহ্বান, বয়স হয়েছিল 69 বছর - Vasant Chavan
Vasant Chavan Passes Away: প্রয়াত মহারাষ্ট্রের নান্দেদ লোকসভার কংগ্রেস সাংসদ বসন্ত চহ্বান ৷ তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ কিডনির অসুখে ভুগছিলেন তিনি ৷

Published : August 26, 2024 at 9:13 AM IST
|Updated : August 26, 2024 at 9:55 AM IST
নান্দেড, 26 অগস্ট: প্রয়াত মহারাষ্ট্রের নান্দেড লোকসভার কংগ্রেস সাংসদ বসন্ত চহ্বান ৷ তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ বেশ কয়েকদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি ৷ অবশেষে সোমবার ভোর 4টের সময় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ৷ দলের এই প্রবীণ নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে ৷
भावपूर्ण श्रद्धांजली!
— Nana Patole (@NANA_PATOLE) August 26, 2024
काँग्रेस पक्षाचे ज्येष्ठ नेते, नांदेड लोकसभा मतदारसंघाचे खासदार वसंतरावजी चव्हाण यांच्या निधनाची वार्ता अत्यंत धक्कादायक आहे. प्रतिकूल परस्थितीत देखील त्यांनी काँग्रेस पक्षाशी सदैव एकनिष्ठ राहून काँग्रेस पक्षाचा विचार घरोघरी पोहोचवला.
वसंतरावजी चव्हाण… pic.twitter.com/DTGRe8p5hm
সংবাদ সংস্থা পিটিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কংগ্রেস সাংসদ ৷ দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াই করেন কংগ্রেসের এই প্রবীণ নেতা ৷ শুধু তাই নয় ৷ নান্দেড আসনে বিজেপি সাংসদ প্রতাপ পাতিল চিখালিকারকে 59 হাজার 442 ভোটে হারিয়ে সেই আসন নিজের দখলে আনেন বসন্ত চহ্বান ৷ উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগেই কংগ্রেস ছেড়ে বিজেপির খাতায় নাম লেখান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক চহ্বান ৷ সেই ধাক্কা সামলে নির্বাচনে বসন্তের এই জয়, সাংগঠনিক শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেয় মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷
নান্দেড জেলার নাইগাঁওতে জন্মগ্রহণ করেন বসন্ত চহ্বান ৷ দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি ৷ পরে 1990 এবং 2002 সালে জেলা পরিষদের সদস্য হন তিনি । 2002 সালের নাইগাঁও আসন থেকে মহারাষ্ট্র বিধান পরিষদে নির্বাচিত হন তিনি ৷ এরপর 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিধায়ক পদে দায়িত্ব সামলান বসন্ত ৷ 2021 থেকে 2023 সাল পর্যন্ত নান্দেড জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব সামলান তিনি ৷ সূত্রের খবর, এদিন সকাল 11টায় নাইগাঁওয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

