ছিলেন ঘণ্টা দেড়েক, নির্বাচন কমিশনকে কী বললেন মুখ্যসচিব
তলব পেয়ে হাজিরা দিলেন মুখ্যসচিব ৷ সূত্রের খবর, ঠিক কী কারণে নির্বাচন কমিশনের নির্দেশ মানা যায়নি তাঁর ব্যাখ্যা দিয়েছেন রাজ্য প্রশাসনের এই শীর্ষকর্তা ৷

By PTI
Published : August 13, 2025 at 9:04 PM IST
নয়াদিল্লি, 13 অগস্ট: নির্বাচন সদনে হাজিরা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তাঁকে বুধবার বিকেল পাঁচটার মধ্যে হাজিরা দিতে বলেছিল নির্বাচন কমিশন ৷ সেই মতো এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ পৌঁছে যান মুখ্যসচিব ৷ প্রায় দেড়ঘণ্টা পর সন্ধ্যা 6টা নাগাদ কমিশনের কার্যালয় থেকে বেরিয়ে আসেন ৷ সূত্রের খবর, 21 আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যকর করার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব ।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁর দেখা হয়েছে ৷ তবে তাঁদের মধ্য়ে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি ৷ নির্বাচন সদন ছেড়ে বেরিয়ে যাওযার সময় এ সংক্রান্ত প্রশ্ন করা হলেও জবাব এড়িয়েছেন পশ্চিমবঙ্গ প্রশাসনের এই শীর্ষকর্তা ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, নির্বাচন কমিশন নির্দেশ দেওয়ার পরও রাজ্য সরকার কী পরিস্থিতিতে চার আধিকারিককে সাসপেন্ড করেনি তা ব্যাখ্যা করেছেন পন্থ ৷ পাশাপাশি 21 তারিখের মধ্যে কমিশনের নির্দেশ কার্যকর করা হবে বলে তিনি জানান ৷
এর আগে এদিন সকালে কলকাতা বিমানবন্দরে থেকে দিল্লির বিমান ধরেন মুখ্যসচিব ৷ সে সময়ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি তিনি ৷ গত 5 অগস্ট রাজ্য সরকারকে চিঠি লিখে নির্বাচন কমিশন ময়না ও বারুইপুরে ভোটার তালিকা তৈরির সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড করতে বলে ৷ তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় এফআইআরের নির্দেশও দেওয়া হয় ৷ বলা হয়, পদক্ষেপ নেওয়ার পর সোমবার দুপুর তিনটের মধ্য়ে কমিশনকে লিখিতভাবে সে কথা জানিয়ে দিতে হবে ৷ কিন্তু রাজ্যের তরফে কমিশনকে লেখা চিঠিতে মুখ্যসচিব জানান, দুই আধিকারিককে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ এরপর মঙ্গলবার দুপুরে কমিশনের তরফে মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ দেওযা হয় ৷
এদিকে মুখ্যসচিবকে কমিশনের তলব করা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ সুকান্ত মনে করেন, মমতার চাপেই মনোজ পন্থ নির্বাচন কমিশনের নির্দেশ মতো ব্যবস্থা নিতে পারেনি ৷ বালুরঘাটের সাংসদের আরও দাবি, বিজেপি জানতে পেরেছে ভোটার তালিকায় কারচুপির মতো গুরুতর অভিযোগ ওঠায় চার আধিকারিককে সাসপেন্ড করতে চেয়েছিলেন মুখ্যসচিব ৷ কিন্তু মুখ্য়মন্ত্রীর চাপে তিনি ব্যবস্থা নিতে পারেননি ৷
কমিশনের নির্দেশ অমান্য ! তলবে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব

