মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবি, একাধিক মৃত্যুর আশঙ্কা
মাতাতিলা জলাধারে নৌকাডুবি ৷ তিন মহিলা এবং 4 শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ ৷

Published : March 19, 2025 at 11:59 AM IST
|Updated : March 19, 2025 at 12:38 PM IST
শিবপুরী, 19 মার্চ: 15 জন যাত্রী নিয়ে মন্দিরের উদ্দেশে রওনা দেয় একটি নৌকা ৷ মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের শিবপুরী জেলার মাতাতিলা জলাধারে আচমকায় ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি ৷ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ৷
মাতাতিলা জলাধারের মাঝে একটি দ্বীপে অবস্থিত সিদ্ধবাবার মন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক মহিলা প্রথমে নৌকায় জল ঢুকতে দেখেন ৷ চিৎকার করে মাঝিকে জানান ৷ কিন্তু, তাতেও বিপদ এড়ানো যায়নি ৷
নৌকা ডুবে তিন মহিলা এবং চার শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পিছোরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিওপি) প্রশান্ত শর্মা বলেন, "মাতাতিলা জলাধারে দ্বীপে অবস্থিত একটি মন্দিরে 15 জনকে নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। গ্রামবাসীদের সহায়তায় 8 জনকে উদ্ধার করা হয়েছে ৷ তিনজন মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ পুলিশের প্রাথমিক অনুমান, তাঁদের বয়স (35 থেকে 55 বছর) এবং 4 জন শিশুদের বয়স (7-15 বছর) ৷
নিখোঁজদের খুঁজে বের করার জন্য ডুবুরিদের নিয়ে এখনও তল্লাশি অভিযান চলছে ৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সোশাল মিডিয়ায় পোস্ট করে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, "মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷" পাশাপাশি নৌকাডুবিতে মৃতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি ৷ তবে তিনি মৃতদের সংখ্যা নির্দিষ্ট করে জানাননি।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলা প্রশাসন, স্থানীয় বাসিন্দা এবং এনডিআরএফ জওয়ানদের সহায়তায় 8 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ গ্রামবাসীদের কথায়, নৌকাটি শিবপুরী জেলার খানিয়াধন থানা এলাকার মাতাতিলা জলাধারের মাঝখানে দ্বীপে অবস্থিত সিদ্ধবাবা মন্দিরে যাচ্ছিল।নৌকায় থাকা ওই 15 জন যাত্রী রাজাবন গ্রামের বাসিন্দা ৷

