ETV Bharat / bharat

চাপ আরও বাড়াল দিল্লি, ভারতে বন্ধ পাক প্রধানমন্ত্রী শেহবাজের ইউটিউব চ্যানেল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে আর দেখা যাবে না ৷ এই চ্যানেলটি ব্লক করেছে কেন্দ্রীয় সরকার ৷

PAKISTAN PM SHEHBAZ SHARIF
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (ছবি সৌজন্য: পাক প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : May 2, 2025 at 8:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 2 মে: ভারত-পাকিস্তান কূটনৈতিক চাপানউতোরের মাঝে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয় সরকার ৷ এর আগে গত 28 এপ্রিল পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল কেন্দ্রের বিজেপি সরকার ৷ এবার সেই তালিকায় যুক্ত হল স্বয়ং প্রধানমন্ত্রী শরিফের ইউটিউব চ্যানেল ৷

পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলটি খুলতে গেলে একটি বার্তা ভেসে উঠছে ৷ তাতে লেখা, "জাতীয় নিরাপত্তার স্বার্থে অথবা জনস্বার্থে সরকার একটি নির্দেশ জারি করেছে ৷ তাই এই কনটেন্টটি এই মুহূর্তে ভারতে পাওয়া যাচ্ছে না ৷ সরকারের তরফে এই কনটেন্ট মুছে দেওয়ার অনুরোধ নিয়ে বিশদে জানতে হলে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন ৷"

গত 22 এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের নির্বিচারে গুলিতে প্রাণ হারান 26 জন পর্যটক ৷ হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে ওঠে ভারত ৷ পরদিন একটি উচ্চস্তরীয় বৈঠকের পর বিজেপি সরকার পাঁচটি কড়া পদক্ষেপ করে পাকিস্তানের বিরুদ্ধে ৷ সঙ্গে সঙ্গে বন্ধ হয় আটারি-ওয়াঘা সীমান্ত ৷ ভারতে থাকা পাক নাগরিকদের ভারত ছাড়ার নোটিশ ধরায় কেন্দ্রীয় সরকার ৷ স্থগিত হয় সিন্ধু জল চুক্তিও ৷

এরপর পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে কেন্দ্রের মোদি সরকার ৷ তালিকায় ছিল পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি সংবাদপত্র 'ডন'-এর ইউটিউব চ্য়ানেলটিও ৷ পরিচিত সংবাদমাধ্যম জিও নিউজেরও বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয় ৷ একই ব্যবস্থা নেওয়া হয়েছে আরও দু'টি খেলার চ্যানেলের বিরুদ্ধে ৷

এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলি বিভ্রান্তিকর এবং ভুল তথ্য সম্প্রচার করেছে ৷ এই অভিযোগে চ্যানেলগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ শুধু তাই নয়, প্ররোচনা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করারও অভিযোগ রয়েছে এই চ্যানেলগুলির বিরুদ্ধে ৷ মন্ত্রকের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার চ্যানেলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে ৷ এবার নিষিদ্ধ হল পাক-প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ৷