ETV Bharat / bharat

তেজস্বীর গড়ে প্রশান্ত কিশোরের প্রচারে আচরণবিধি লঙ্ঘন ! রাঘোপুর থানায় দায়ের FIR

প্রশান্ত কিশোরের প্রচারে আদর্শ ভোটের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে ৷ হাজিপুরের ডিএসপি সুবোধ কুমার জানান, এই অভিযোগে রাঘোপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

Prashant Kishor during the ‘Bihar Badlav Yatra’ at Raghopur
রাঘোপুরে বিহার বাদলাব যাত্রায় প্রশান্ত কিশোর (ছবি- এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 2:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হাজিপুর ও পটনা, 13 অক্টোবর: জন সুরজ পার্টি (জেএসপি)-র সুপ্রিমো প্রশান্ত কিশোরের নির্বাচনী প্রচারে ভোটের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে ৷ এমন অভিযোগে রবিবার দায়ের হল এফআইআর ৷ অভিযোগ, অনুমোদনের থেকে অনেকবেশি লোক উপস্থিত ছিলেন ওই সভায় ৷ শনিবার তেজস্বী যাদবের কেন্দ্রে প্রচারে যান পিকে ৷ পুলিশ সূত্রে খবর, সেই প্রচারেই ভোটের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে ৷

এফআইআর দায়ের প্রসঙ্গে হাজিপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুবোধ কুমার জানান, বিহারের বৈশালী জেলার রাঘোপুর থানায় অভিযোগ জমা পড়েছে ৷ যদিও অভিযোগপত্রে প্রশান্ত কিশোরের নাম উল্লেখ নেই ৷ ডিএসপি বলেন, "অনুষ্ঠানের অনুমতি সতেন্দ্র প্রসাদ সিংয়ের কাছ থেকে নেওয়া হয়েছিল । সেকারণে এমসিসি লঙ্ঘনের জন্য দায়ের করা এফআইআরে তাঁর নাম উল্লেখ করা হয়েছে ।" শনিবার পিকে-র প্রচারসভার এলাকা ঘুরে দেখেন হাজিপুরের মহকুমা শাসক ৷ ডিএসপি জানান, মহকুমা শাসক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর অভিযোগপত্রে আরও কয়েকজনের নাম যোগ হতে পারে ৷

এলাকা পরিদর্শনের পর হাজিপুরের এসডিও তথা রাঘোপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার রামবাবু বৈঠা বলেন, "অভিযুক্তদের তালিকা প্রশান্ত কিশোরের নাম নেই ৷ প্রাথমিকভাবে সভার আয়োজকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে ৷ কারণ যতজন লোকের জন্য অনুমতি নেওয়া হয়েছিল, তার থেকে অনেক বেশি লোক উপস্থিত হয়েছিল এদিনের সভায় ৷"

এই প্রসঙ্গে পিকে বলেন, "আমার বিরুদ্ধে আগেও একাধিক এফআইআর দায়ের করা হয়েছে ৷ সেই তালিকায় আরও একটি যোগ হল ৷" অভিযোগের পর নির্বাচন কমিশন কি তাঁকে প্রচারে বাধা দেবে? উত্তরে 47 বছর বয়সী জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা বলেন, "কোনও সমস্যা নেই । যদি তারা আমাকে থামিয়ে দিতে চায়, আমিও থেমে যাব ।"

গত 6 অক্টোবর বিহারের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন ৷ প্রকাশিত সূচি অনুযায়ী, মূলত দুই দফায় বিহারে ভোট হবে ৷ প্রথম দফার নির্বাচন 6 নভেম্বর এবং দ্বিতীয় দফার নির্বাচন হবে 11 অক্টোবর ৷ ভোটের ফল জানা যাবে 14 নভেম্বর ৷ দিন ঘোষণার পর থেকেই কোমড় বেঁধে নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলের নেতারা ৷

বিহার বিধানসভার 243টি আসনে রবিবার জোটের আসনবন্টন ঘোষণা করেছে এনডিএ ৷ নির্বাচনে বিজেপি ও নীতীশ কুমারের জেডি(ইউ) প্রত্যেকে 101টি আসনে নিজ নিজ প্রার্থী দেবে বলে জানা গিয়েছে ৷ এদিকে, 51টি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টি ৷ জল্পনা চলছে, রাঘোপুর বিধানসভায় তেজস্বী যাদবের প্রতিদ্বন্দ্বিতা করবেন পিকে ৷

পড়ুন: পরিবারতন্ত্র ! বিজেপির অভিযোগ ভোঁতা করতে কৌশল কংগ্রেসের