মস্তিকে রক্তক্ষরণ, শরীরে 50টি ক্ষত; সিগারেটের ছ্যাঁকায় পুলিশি জেরায় গার্ডের মৃত্যু
গয়না চুরির অভিযোগে গ্রেফতার ৷ পুলিশি জেরায় মৃত্যু ৷ অভিযুক্তের ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে শিউরে ওঠার মতো ঘটনা ৷

Published : July 4, 2025 at 3:29 PM IST
মাদুরাই, 4 জুলাই: তামিলনাড়ুর মাদুরাইয়ে নৃশংস পুলিশি নির্যাতন ৷ যার জেরে প্রাণ গেল এক অভিযুক্তের ৷ অভিযোগ, 5 সদস্যের স্পেশাল টিম অভিযুক্তকে হেফাজতে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে রিপোর্টে উঠে আসে শিউরে ওঠার মতো ঘটনা ৷ রিপোর্টে জানা গিয়েছে, শরীরে সিগারেট দিয়ে বারবার ছ্যাঁকা দেওয়া হয় ৷ বেধড়ক মারধরের ফলে 50টি ক্ষতও মিলেছে তাঁর শরীরে ৷ মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছে।
ঘটনাক্রমে জানা গিয়েছে, 27 বছরের মৃত অজিত কুমার মাদাপুরম ভদ্রকালি অম্মান মন্দিরে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। গত 27 জুন সোনা চুরির অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তারপর তাকে জেরা করা হয় ৷ বেশ কিছুক্ষণ পর ভিতর থেকে তাকে গুরুতম জখম অবস্থায় পুলিশ গাড়ি করে হাসপাতালের উদ্দেশে নিয়ে যায় ৷ রাস্তাতেই অজিতের মৃত্যু হয় ৷ গতকাল (বৃহস্পতিবার) মাদুরাই মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়।
এরপর সামনে আসে ধৃতের সঙ্গে ঘটা নৃশংস ঘটনা ৷ পুলিশি জেরায় তাঁকে শারীরিক নির্যাতন চালানো হয় ৷ 50টি ক্ষত, সিগারেটের ছ্যাঁকায় পুড়ে গিয়েছিল তাঁর শরীর ৷ পুলিশি মারে অজিতের শরীরে কালসিটে দাগ পড়ে যায় ৷ ইতিমধ্যে থিরুপ্পুভানম থানার ওই 5 পুলিশকর্মীকে গ্রেফতার করা হয় ৷ এই মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। মারের ক্ষততে পরিষ্কার, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ধরন ভিন্ন ৷ বেশ কয়েকজন মিলে অভিযুক্তের উপর নানাভাবে নির্যাতন চালানো হয় ৷ ময়নাতদন্তের রিপোর্টে উল্লখ করা হয়েছে যে, মস্তিস্কের রক্তক্ষরণের কারণে অভিযুক্তের মৃত্যু হয়েছে ৷
রাজ্য রাজনীতিতে উত্তেজনা
যুবকের মৃত্যুর ঘটনার পরই রাজ্যজুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ রাজ্যের শাসকদল ডিএমকে মৃতের পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ৷ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ মুখ্যমন্ত্রী স্ট্যালিনই এক্সে পোস্ট করে লেখেন, "মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে সিবিআই ও সিআইডি তদন্ত চালিয়ে যেতে পারে ৷ কিন্তু আমি চাই না, এই তদন্তের নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন উঠুক। তাই আমি এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি। তামিলনাড়ু সরকার সম্পূর্ণ এই ঘটনায় সহযোগিতা করবে।"
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী দোষী পুলিশদের আচরণকে 'অমার্জনীয় ও অন্যায়' বলে নিন্দা করেন এবং ব্যক্তিগতভাবে অজিত কুমারের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। মৃতের মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

