ফাটল চোয়াল, ভাঙল শিরদাঁড়া ; বিমানকর্মীদের ফেলে পেটালেন সেনার আধিকারিক
শ্রীনগর বিমানবন্দরে স্পাইসজেটের চার কর্মচারীকে মারধরের অভিযোগ সেনাকর্তার বিরুদ্ধে ৷ যার ফলে তাঁদের একজনের ভাঙল মেরুদণ্ড ৷ কারও ফাটল চোয়াল ৷

Published : August 3, 2025 at 4:03 PM IST
শ্রীনগর, 3 অগস্ট: বিমানবন্দরে সেনাকর্তার তাণ্ডব ! চার কর্মীকে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷ তার জেরে এক কর্মীর শিরদাঁড়া ভেঙে গিয়েছে বলে খবর ৷ সেইসঙ্গে বেধড়ক পেটানোর জেরে কারও চোয়ালও ভেঙেছে ৷ শ্রীনগর বিমানবন্দরে স্পাইসজেটের চার কর্মচারীর উপরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এক ভারতীয় সেনাকর্তার বিরুদ্ধে ।
গত রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার হয় ৷ তাতেই দেখা গিয়েছে, ওই সেনাকর্তা মাটি থেকে একটি সাইনবোর্ড তুলে নিয়ে স্পাইসজেটের বিমানকর্মীদের বেধড়ক পেটাচ্ছেন ৷ মারের জেরে ওই চার কর্মীর শারীরিক পরিস্থিতি খুবই খারাপ ৷ এক সিআইএসএফ জওয়ান ওই ব্যক্তিকে বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়েছেন ওই সেনাকর্তা ৷
শ্রীনগর বিমানবন্দরের ডিরেক্টর জাভেদ আঞ্জুম ইটিভি ভারতকে বলেন, "এই মুহূর্তে আমি শহরে নেই ৷ পুরো বিষয় সম্পর্কে আমি অবগত নই ৷ শ্রীনগরে ফিরে এসে সমস্ত কথা বলব ৷"
SHOCKING “MURDEROUS” Assault on SpiceJet Staffers at Srinagar Airport
— Amit Bhardwaj (@tweets_amit) August 3, 2025
Passenger attacks 4 SpiceJet Staffers with whatever he cud get hold off— 2 grievously injured. Jaw & Spine injured.
July 26th incident, FIR Filed
Pax - allegedly an army officer - put on NO FLY List 1/2 pic.twitter.com/g79eiuSy3P
গত 26 জুলাই অর্থাৎ সোশাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়ার আগেই এক বিবৃতিতে স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, শ্রীনগর থেকে দিল্লি আসছিল একটি বিমান (SG-386)। বোর্ডিং গেটে শ্রীনগর বিমানবন্দর থেকে বিমান ধরতে আসা এক যাত্রীর হাতে প্রহৃত হন চার কর্মী । ক্রমাগত লাথি, ঘুঁষিতে এক কর্মীর শিরদাঁড়া ভেঙেছে, থুতনি ফেটে গিয়েছে ! অনুমোদিত ওজনের থেকে বেশি ওজনের কেবিন লাগেজ বহন করার জন্য তাঁকে অতিরিক্ত অর্থ দিতে বলা হয়েছিল । তাতেই খেপে গিয়ে তিনি উড়ান সংস্থার চার কর্মীকে ঘুষি ও লাথি মারতে শুরু করেন । স্পাইসজেটের মতে তিনি 'প্রাণঘাতী হামলা' চালিয়েছেন ।
বিমান সংস্থার তরফে এও জানানো হয়েছে, শ্রীনগর থেকে দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য বোর্ডিং গেটে নিজের নাম প্রকাশ করেননি ৷ শুধু নিজেকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হিসাবে দাবি করেছিলেন । বিমান সংস্থার তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, সেনা কর্মকর্তার আক্রমণের কারণে স্পাইসজেটের এক কর্মী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান ৷ সহকর্মীকে সাহায্য করতে গিয়ে আরও এক কর্মীর নাক ও মুখে চোট লেগে রক্তক্ষরণ শুরু হয় ৷ আহত কর্মীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷
There is road rage, and now there is often - air rage
— Tarun Shukla (@shukla_tarun) August 3, 2025
A passenger beats up a @flyspicejet staffer using whatever he could find then @CISFHQrs enters & someone slaps passenger. Full drama
Important to know why he did this (massive delay?)#NoFlyList incoming?
@DGCAIndia
✈️ pic.twitter.com/ueD7Z924tx
সূত্রের খবর, অভিযুক্ত যাত্রীর নাম লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং । যিনি গুলমার্গের হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুলে (HAWS) কর্মরত ৷ গত 26 জুলাই সন্ধ্যা 6টা 10 মিনিটে স্পাইসজেটের শ্রীনগর-দিল্লি ফ্লাইটে তিনি রওনা হচ্ছিলেন ৷ তাঁর আসন সংখ্যা ছিল 24D ৷
স্থানীয় পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ বিমান সুরক্ষা প্রোটোকল লঙ্ঘন করায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে স্পাইসজেট ৷ এই বিমান সংস্থা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি লিখে তাঁদের কর্মীদের উপর হামলার বিষয়ে জানিয়েছে ৷ সেইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে । স্পাইসজেট জানিয়েছে, শ্রীনগর বিমানবন্দর কাছ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

