ETV Bharat / bharat

চলছে অমরনাথ যাত্রা, 'অপারেশন শিব' শুরু করল ভারতীয় সেনা

38 দিনের তীর্থযাত্রা 3 জুলাই শুরু হয়েছিল শেষ হবে 9 অগস্ট ৷ ইতিমধ্যেই 1.40 লক্ষেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। এরই মধ্যে শুরু নয়া অপারেশন ৷

Amarnath Yatra
'অপারেশন শিব' শুরু করল ভারতীয় সেনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 12:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

জম্মু, 12 জুলাই: অমরনাথ যাত্রাকে নিরাপদ ও সুরক্ষিত করতে বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারতীয় সেনাবাহিনী ৷ এই ব্যবস্থার অংশ হিসেবে শুরু হল 'অপারেশন শিব' ৷ 8500 সেনা জওয়ান মোতায়েনের পাশাপাশি গুহায় যাওয়ার দুটি রাস্তায় কাউন্টার-আনম্যানড এয়ার সিস্টেম (C-UAS) গ্রিডও মোতায়েন করা হয়েছে।

অমরনাথ যাত্রা 3 জুলাই শুরু হয়েছিল ৷ অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী 48 কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দেরবাল জেলার 14 কিলোমিটার ছোট কিন্তু খাড়া বালতাল রুটে যাত্রা চলছে। 9 অগস্ট এই যাত্রা শেষ হবে। সেনার এক মুখপাত্র বলেন, "অমরনাথ যাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী, প্রশাসন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে যৌথবাবে অপারেশন শিব শুরু করেছে ৷"

মুখপাত্র জানান, এই অভিযানের লক্ষ্য হল, উত্তর ও দক্ষিণ উভয় যাত্রাপথে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপ তৈরি করা ৷ বিশেষ করে অপারেশন সিঁদুরের পর পাক-সমর্থিত জঙ্গি সংগঠনগুলি গতিবিধি বাড়তে পারে এই আশঙ্কা থেকেই বাড়তি নজরদারি ৷ সেনা মুখপাত্রের কথায়, "এবার 8500 জনেরও বেশি সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে ৷ তাদের বিভিন্ন প্রযুক্তিগত এবং পরিচালনামূলক সরঞ্জামও দেওয়া হয়েছে ৷"

অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, এটি একটি বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ ৷ সন্ত্রাসবাদ বিরোধী গ্রিড, প্রতিরোধমূলক নিরাপত্তা মোতায়েন এবং করিডোর সুরক্ষা ব্যবস্থাও চালু করা হয়েছে। তাঁর কথায়, "অসামরিক কর্তৃপক্ষকেও সবরকম সাহায্য করা হচ্ছে ৷ বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের যাবতীয় সাহায্য করা হচ্ছে ৷"

অন্য একটি প্রসঙ্গে ওই আধিকারিক জানান, নিয়মিত ইউএভি মিশন, যাত্রাপথ এবং গুহার সরাসরি পর্যবেক্ষণ ছাড়াও ড্রোন হামলা আটকানোর জন্য 50 টিরও বেশি সি-ইউএএস এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার (ইডব্লিউ) সিস্টেম-সহ একটি কাউন্টার-ইউএএস গ্রিড স্থাপন করা হয়েছে। সেতু, রেলপথ এবং দুর্যোগ মোকাবিলার জন্য ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সও মোতায়েন করা হয়েছে ৷ যেখানে 150 জনেরও বেশি ডাক্তার এবং চিকিৎসা কর্মী, দুটি উন্নত ড্রেসিং স্টেশন, নয়টি চিকিৎসা সহায়তা পোস্ট, 100 শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল এবং 26টি অক্সিজেন বুথ রয়েছে ৷ সেখানে 2 লক্ষ লিটার অক্সিজেন রাখা আছে।

এছাড়াও, নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য সিগন্যাল কোম্পানি, প্রযুক্তিগত সহায়তার জন্য ইএমই ডিটাচমেন্ট এবং প্রয়োজনে বোম চিহ্নিত করে নিষ্ক্রিয় করার জন্য বিশেষ স্কোয়াড খোলা হয়েছে ৷ যাত্রী এবং অন্যদের নিয়ে একলপ্তে 25 হাজার ব্যক্তির জন্য জরুরি রেশন, কিউআরটি, তাঁবু, জলের পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। মুখপাত্র বলেন, "যে কোনও জরুরি প্রতিক্রিয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে ৷ অপারেশন শিবেকর লক্ষ্য পবিত্র তীর্থযাত্রায় অংশগ্রহণকারী সকল ভক্তের জন্য একটি নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ যাত্রা নিশ্চিত করা ৷ ভারতীয় সেনাবাহিনী অটল।"

ইতিমধ্যেই 1.40 লক্ষেরও বেশি তীর্থযাত্রী ভগবান শিবের বরফ লিঙ্গ দর্শন করেছেন। এখন পর্যন্ত চার লক্ষেরও বেশি ব্যক্তি তীর্থযাত্রার জন্য অনলাইনে নথিভুক্ত করেছেন। গত বছর 5.10 লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথে গিয়েছিলেন।