ETV Bharat / bharat

বিপর্যস্ত নেপাল, ভারতীয়দের ফেরাতে কাঠমান্ডু যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান

এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্স তাদের ফ্লাইট নেপালে পাঠাচ্ছে যাতে সেখান থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়।

Air India Special Flights
ভারতীয়দের ফেরাতে কাঠমান্ডু যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান (ছবি: এএনআই)
author img

By ANI

Published : September 10, 2025 at 11:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: নেপালের পরিস্থিতির অবনতি হওয়ার পর মঙ্গলবার বন্ধ থাকা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার সন্ধ্যা 6টায় ফের চালু করা হয়েছে। এর পাশাপাশি, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্স তাদের ফ্লাইট নেপালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যাতে সেখান থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়।

এদিকে, নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে জেন জি। আন্দোলনকারী পড়ুয়ারা বুধবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে নেপালজুড়ে রাতের কারফিউ জারি করেছে সেনাবাহিনী। বিকেল 5টা থেকে ভোর 6টা পর্যন্ত রাস্তায় বেরোতে মানুষকে নিষেধ করা হয়েছে সেনার তরফে।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার সন্ধ্যায় চালু হওয়ার পর নেপালে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া। বুধবার এবং বৃহস্পতিবার দিল্লি থেকে কাঠমান্ডু পর্যন্ত বিশেষ বিমান চলবে। তবে বিমান সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জানিয়েছে যে তারা বুধবার রাতেই কাঠমান্ডুর উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট পাঠাচ্ছে। এই ফ্লাইট রাতেই নেপাল থেকে দিল্লিতে ফিরে আসবে। এর পরে, বৃহস্পতিবার এবং পরে যতক্ষণ নেপালের বিমানবন্দর খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্লাইট পাঠানো অব্যাহত থাকবে।

মঙ্গলবার কাঠমান্ডু বিমানবন্দর হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে শত শত ভারতীয় পর্যটক আটকে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োতে, ভারতীয়রা সেখান থেকে তাঁদের দেশে ফেরানোর জন্য আবেদন করছিলেন। বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খোলার পরই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ভারতীয় পর্যটকদের সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু এক্স হ্যান্ডেলে লিখেছেন, "নেপালে বিমানবন্দর বন্ধ থাকার কারণে, অনেক যাত্রী কাঠমান্ডু থেকে ফিরতে পারেননি। কাঠমান্ডুতে বিমানবন্দর কার্যক্রম চালু হওয়ার সঙ্গে সঙ্গে, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর সঙ্গে সমন্বয় করে, আজ সন্ধ্যায় এবং আগামী কয়েক দিন অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, আগামীকাল থেকে নির্ধারিত পরিষেবা পুনরায় চালু হবে। বিমান সংস্থাগুলিকে তাদের ভাড়া যুক্তিসঙ্গত স্তরের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে আমাদের যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সহায়তা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

  1. জনরোষে পুড়েছে সুপ্রিম কোর্ট, প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলার নেতৃত্বে নেপালে অন্তর্বর্তী সরকার !
  2. নেপালে জেল ভেঙে ফেরার কয়েকশো কয়েদি, দুই রাজ্যের সীমান্তে গ্রেফতার অন্তত 20