আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে 278, চতুর্থ দিনেও চলছে দেহ উদ্ধার
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ প্রিয়জনের দেহাংশ পেতে অপেক্ষায় আত্মীয়রা ৷ এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ ৷

Published : June 15, 2025 at 12:04 PM IST
আমেদাবাদ, 15 জুন: চারদিন পেরিয়ে গিয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমান AI 171-এর ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের দেহাংশ উদ্ধারের কাজ এখনও চলছে ৷ রবিবার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 278 জন ৷ মৃতদের দেহাবশেষ হাতে পাওয়ার জন্য হাসপাতালের মর্গের বাইরে অপেক্ষায় আত্মীয়রা ৷ দেহগুলিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিভিল হাসপাতালের ক্যাম্পাসে এখনও দাঁড়িয়ে রয়েছে 200টি অ্যাম্বুলেন্স ৷ প্রতিটি অ্যাম্বুলেন্সে রয়েছেন পুলিশকর্মীরা ৷
ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা :
12 জুন দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যান বিমানের যাত্রী ও ক্রু-সহ 241 জন ৷ মৃত্যুকে জয় করে বরাত জোড়ে বেঁচে ফেরেন একজন যাত্রী ৷ দুর্ঘটনার পর থেকে রীতিমতো যুদ্ধকালীন গতিতে শুরু হয় উদ্ধারকাজ ৷ সরকারি সূত্রের খবর, শনিবারও একটি মেয়ে-সহ আরও 3 জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে ৷ বিমানের ধ্বংসাবশেষের সামনে ও পিছনের দিক থেকে সেগুলি উদ্ধার করা হয়েছে বলে খবর ৷
জানা গিয়েছে, বিজে মেডিক্যাল কলেজের মেসের ছাদে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ থেকে দেহগুলি উদ্ধার করা হয় ৷ বিমানের পিছনের আসনের জানলার দিকে এই তিনটি দেহ দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৷ মৃত মেয়েটি এয়ার ইন্ডিয়া বিমানটির ক্রু বলে অনুমান করা হচ্ছে ৷ তবে, এখনও অনেকেই নিখোঁজ ৷ তাঁদের দেহ উদ্ধারের জন্য দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করছেন দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং বাকি তদন্তকারীরা ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা ৷
ডিএনএ নমুনা সংগ্রহ :
এয়ার ইন্ডিয়ার বিমান এআই 171-এর দুর্ঘটনায় ঝলসে গিয়েছে যাত্রীদের দেহ ৷ চেনা যাচ্ছে না কাউকে ৷ কারও আবার কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এই পরিস্থিতি মৃতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া কেন্দ্রীয় সরকারের তরফে ৷
জানা গিয়েছে, ডিএনএ পরীক্ষার জন্য ইতিমধ্যেই 252 জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ 19 জন মৃতের ডিএনএ নমুনা মিলেও গিয়েছে ৷ তবে 17 জন যাত্রীর ডিএনএ নমুনা এখনও পাওয়া যায়নি ৷ আমেদাবাদ সিভিল হাসপাতালে 36 জন বিশেষজ্ঞের দল এই ডিএনএ নমুনা পরীক্ষার কাজ করছেন ৷ এখনও পর্যন্ত 3 জন বিদেশি এবং এক ভারতীয়র ডিএনএ পরীক্ষা বাকি রয়েছে ৷
এখনও নিখোঁজ 19 জন :
মনে করা হচ্ছে, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জেরে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বিজে মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের ৷ ঘটনার চতুর্থ দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছে না 17 জন জুনিয়র চিকিৎসকের ৷ ঘটনায় হস্টেলের প্রায় 100 জন ঝলসে গিয়েছেন ৷ তাঁদের মধ্যে বেশিরভাগ জুনিয়র চিকিৎসক ৷ এখনও পর্যন্ত 4 জন জুনিয়র চিকিৎসক আইসিইউ-তে ভর্তি ৷

