ETV Bharat / bharat

টেক-অফের মাত্র 32 সেকেন্ডে সব শেষ ! আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত কী বলছে ?

এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ার আগে 32 সেকেন্ডে কী হয়েছিল ? সত্যিই কি জ্বালানির সুইচ বন্ধ করা হয়েছিল ? কী বলছে দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট ৷

Air India Flight Crash in Ahmedabad
আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ (ফাইল ছবি (পিটিআই))
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 7:21 PM IST

|

Updated : July 12, 2025 at 7:52 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 12 জুলাই: সামনে এসেছে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই-171 বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট ৷ বিমানটি ভেঙে পড়ার আগে ইঞ্জিনে জ্বালানি সরবরাহের দু'টি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল ৷ গত 12 জুন দুপুরে আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক-অফ করে লন্ডনের গ্যাটউইক-এ যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৷ কিন্তু এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী, জ্বালানি সরবরাহের সুইচগুলি বন্ধ হওয়া নিয়ে দুই পাইলটের মধ্যে খানিক বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল ৷ উড়ানের 32 সেকেন্ড পর বিমানটি মেঘানিনগরে ডাক্তার পড়ুয়াদের হস্টেলের উপর ভেঙে পড়ে ৷

সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের পরবর্তী 32 সেকেন্ডে কী হয়েছিল ?

11:17 মিনিট: এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার VT-ANB বিমান নয়াদিল্লি থেকে আমেদাবাদে আসে ৷ সেটি AI-423 হিসাবে চলছিল ৷ এই বিমানটিই AI-171 হিসেবে লন্ডনে যাওয়ার কথা ছিল ৷

13:13 মিনিট: এয়ারক্রাফ্ট পুশব্যাক এবং স্টার্ট-আপের জন্য অনুরোধ জানায়

13:13:13 সেকেন্ড: এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) তাতে ছাড়পত্র দেয়

13:16:59 সেকেন্ড: এটিসি স্টার্ট-আপে সম্মতি দেয়

13:18:38 সেকেন্ড: আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের 34 নম্বর বে থেকে রওনা দেয়

13:19:12 সেকেন্ড: এটিসি বিমানকে জিজ্ঞাসা করে পুরো রানওয়েটাই তাদের দরকার কি না ৷ বিমানের তরফে জানানো হয় 23 নম্বর রানওয়ের পুরোটাই তাদের প্রয়োজন ৷

13:25:15 সেকেন্ড: বিমান রানওয়ে ক্লিয়ারেন্সের অনুরোধ জানায় এবং এটিসির তরফে তাতে সম্মতি জানানো হয় ৷

13:26:00 সেকেন্ড: 24 নম্বর ট্যাক্সিওয়ে হয়ে 23 নম্বর রানওয়েতে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার এআই-171 ড্রিমলাইনার ৷ উড়ানের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয় ৷

13:32:03 সেকেন্ড: গ্রাউন্ড থেকে টাওয়ার কন্ট্রোলের আওতায় পৌঁছয় বিমান ৷ অর্থাৎ রানওয়েতে বিমানের গতিবিধি পরিচালনা করে গ্রাউন্ড ৷ সেখান থেকে রানওয়েতে বিমানের গতিবিধি পরিচালনার টাওয়ার কন্ট্রোলের হাতে বিমানের নিয়ন্ত্রণ পৌঁছয় ৷ বিমান ওড়ানো এবং অবতরণের জন্য এই টাওয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানচালক।

13:33:45 সেকেন্ড: বিমানটিকে 23 নম্বর রানওয়েতে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয় ৷

13.37:37 সেকেন্ড: এটিসি 23 নম্বর রানওয়ে থেকে উড়ানের ছাড়পত্র দেয় ৷

13.37:37 সেকেন্ড: টেক-অফ প্রক্রিয়া শুরু করে এয়ার ইন্ডিয়ার এআই-171 ৷ বিমানে কর্মী-সহ ছিলেন 242 জন ৷

13:38:39 সেকেন্ড: রানওয়ে ছেড়ে আকাশে উড়ান শুরু ৷

13:38:42 সেকেন্ড: বিমানের সর্বোচ্চ গতি 180 নটসে পৌঁছয় ৷

প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী, এরপরই এক নম্বর ও দু'নম্বর ইঞ্জিন দু'টিতে জ্বালানি সরবরাহের সুইচ দু'টি এক মিনিটের ব্যবধানে 'রান' থেকে 'কাটঅফ' অর্থাৎ বন্ধ হয়ে যায় ৷ আর জ্বালানি না-পাওয়ায় ইঞ্জিন দু'টির গতি ক্রমশ কমতে শুরু করে ৷ টেক-অফের সঙ্গে সঙ্গে ব়্যাম এয়ার টারবাইন (আরএটি) খোলা হয় ৷ এই সময় একজন পাইলটকে বলতে শোনা যাচ্ছে, "সুইচ বন্ধ করলে কেন ?" তখন আরেক পাইলট উত্তর দিচ্ছেন, "আমি বন্ধ করিনি ৷"

13:38:47 সেকেন্ড: এন1 এবং এন2- দু'টি ইঞ্জিন ন্যূনতম শক্তি হারিয়ে ফেলে ৷ আরএটি'র পাম্প হাইড্রোলিক শক্তি জোগান দিতে থাকে ৷

13:38:52 সেকেন্ড: এদিকে এন1 ইঞ্জিন 'কাটঅফ' থেকে 'রান' অর্থাৎ চালু হওয়ার চেষ্টা করে ৷ সুইচ জ্বলে ওঠে ৷

13:38:56 সেকেন্ড: এন2 ইঞ্জিনও 'কাটঅফ' থেকে 'রান' অর্থাৎ চালু হয়ে যায় ৷ দু'টি ইঞ্জিন সচল হওয়ার চেষ্টা করে ৷ এক নম্বর ইঞ্জিনটি চালু হওয়ার পথে ৷ কিন্তু দু'নম্বর ইঞ্জিন চালু হওয়ার পর গতি কমাতে ব্যর্থ হয় ৷

13:39:05 সেকেন্ড: একজন পাইলট সাহায্য চেয়ে 'মেডে, মেডে, মেডে' বলতে থাকেন ৷

13:39:11 সেকেন্ড: বিমানের ডেটা রেকর্ডার বন্ধ হয়ে যায় ৷

13:44:44 সেকেন্ড: দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে আগুন বেরতে দেখে দমকল বাহিনী ছুটে যায় ৷

Last Updated : July 12, 2025 at 7:52 PM IST