রণথম্ভোর টাইগার রিজার্ভে শাবকের মৃত্যু, পুরুষ বাঘের হামলা !
আট মাসের শাবকের দেহের ময়নাতদন্ত হয়েছে ৷ করা হচ্ছে ভিসেরা পরীক্ষাও ৷ বন বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে দাহ করা হয় শাবকের দেহ ৷

Published : March 9, 2025 at 8:56 PM IST
সওয়াই মাধোপুর (রাজস্থান), 9 মার্চ: দেশের অন্যতম বড় বাঘ সংরক্ষণ কেন্দ্রে শাবকের মৃত্যু ৷ রাজস্থানের রণথম্ভোর টাইগার রিজার্ভে শাবকের দেহ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা ৷ টাইগার রিজার্ভে টহল দেওয়ার সময় ভাদলভ পুকুরের কাছে শাবকটিকে পড়ে থাকতে দেখেন বনকর্মীরা ৷ বন আধিকারিকদের মতে, সেটি বাঘিনি টি-125 রিদ্ধির শাবক ৷
কী কারণে মৃত্যু শাবকের ? বন বিভাগের আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন পুরুষ বাঘের হামলায় সেটির মৃত্যু হয়েছে ৷ মৃত শাবকটির বয়স 8 মাস বলে জানা গিয়েছে ৷ রবিবার শাবকের মৃত্যুর খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বন বিভাগের কর্মী এবং আধিকারিকরা ৷ শাবকটিকে রাজবাগ নাকায় নিয়ে আসা হয় ৷ সেখানে ময়নাতদন্ত করা হয় ৷ এরপর আধিকারিকদের উপস্থিতিতে সেটির দাহ করে রণথম্ভোর টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ ৷
বন বিভাগের তরফে জানানো হয়েছে, শাবকের ভিসেরা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে ৷ রণথম্ভোর ব্যাঘ্র প্রকল্পের উপ-বন সংরক্ষক রামানন্দ ভাকর বলেন, "দু'দিন আগে ভাদলভ বনাঞ্চলে টহল দেওয়ার সময় বন বিভাগের কর্মীরা বাঘিনি টি-125 রিদ্ধি এবং তার শাবকদের ঘোরাফেরা করতে দেখেন ৷"
তাঁর কথায়, "শনিবার রাতে ক্যামেরা ট্র্যাপে পুরুষ বাঘ টি-2311-এর ছবিও পাওয়া গেছে ৷ প্রথম নজরে মনে হচ্ছে শাবকটি বাঘের আক্রমণে মারা গিয়েছে ৷ শাবকটির মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং ভিসেরার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ৷ মৃত শাবকটির বয়স প্রায় 8 মাস বলে জানা গেছে ৷"

