ETV Bharat / bharat

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল 100 ফুটের দেওয়াল, মৃত দুই শিশু-সহ 7

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল বিশাল দেওয়াল ৷ সেখানে কয়েকটি ঝুপড়িতে গরিব-দুঃস্থরা বাস করতেন ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের ৷

Delhi Wall Collapse
দিল্লিতে দেওয়াল ভেঙে বিপর্যয় (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 9, 2025 at 6:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 9 অগস্ট: রাতভর একটানা ভারী বৃষ্টিতে 100 ফুট দীর্ঘ দেওয়াল ভেঙে মৃত্যু হল সাত জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল 9টা 30 মিনিট নাগাদ হরি নগর গ্রামে মোহন বাবা মন্দিরের কাছে দীর্ঘ দেওয়ালটি সংলগ্ন ঝুপড়িগুলির উপর ভেঙে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন পুরুষ, দু'জন মহিলা এবং দু'জন নাবালিকা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি হেমন্ত তিওয়ারি ৷ তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনার 5-7 মিনিটের মধ্যে স্থানীয় থানার পুলিশ অকুস্থলে পৌঁছে যায় ৷ স্থানীয়দের চেষ্টায় উদ্ধার কাজ শুরু হয় ৷ পরে জেসিবি মেশিন আনা হয় ৷ ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করা হয় ৷

দিল্লির দমকল পরিষেবা আগে জানিয়েছিল, এই দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে ৷ কিন্তু, পুলিশ পরে নিশ্চিত করে সাত জনের মৃত্যু হয়েছে ৷ একজন আহতের চিকিৎসা চলছে ৷ দমকল সূত্রে খবর, সকাল 9টা 16 মিনিটে তাদের কাছে খবর আসে ৷ সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন পৌঁছয় ৷ সঙ্গে পুলিশের দলও ৷ শুক্রবার রাত প্রায় 11টা থেকে দিল্লি-এনসিআর-এর একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে ৷ শনিবারও এই অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন ৷

পুলিশ জানিয়েছে সকাল 9টা 13 মিনিট নাগাদ তারা ফোন পায় ৷ ফোন যিনি করেছিলেন, তিনি হিন্দিতে বলেন, "বড় দেওয়াল ভেঙে পড়েছে" ৷ সেখানে চার-পাঁচ জন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বলেও জানান তিনি ৷ দক্ষিণ-পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি ঐশ্বর্য শর্মা বলেন, "এখানে একটা পুরনো মন্দির আছে ৷ তার সংলগ্ন কয়েকটি পুরনো ঝুপড়ি রয়েছে ৷ সেখানে কাগজ কুড়িয়ে যাঁরা আয় করেন, তাঁরা থাকতেন ৷ সারারাত ভারী বৃষ্টির ফলে দেওয়ালটি ভেঙে পড়ে ৷ ধ্বংসস্তূপের নীচে আট জন আটকে ছিলেন ৷ তাঁদের এইমস ট্রমা সেন্টার এবং সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আমরা ঝুপড়িগুলি সরিয়ে দিয়েছি, যাতে ভবিষ্যতে এধরনের কোনও ঘটনা না ঘটে ৷ তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয় ৷"

পুলিশের উচ্চাধিকারিক আরও বলেন, "আটজনের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে তিনজন পুরুষ, দু'জন মহিলা এবং দু'জন নাবালিকা ৷ চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয় ৷ আহত ব্যক্তির নাম হাসিবুল ৷ তাঁর বয়স 27 বছর ৷ তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জোরতালাপাড়ার গঙ্গাধারীর বাসিন্দা ৷ সফদরজং হাসপাতালের ট্রমা সেন্টারে তাঁর চিকিৎসা চলছে ৷"

পুলিশ জানিয়েছে, দিল্লির দমকল বাহিনীর সঙ্গে এনডিআরএফ উদ্ধারকার্য চালিয়েছে ৷ কিন্তু ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই ৷ ঠিক কী কারণে দেওয়ালটি ভেঙে পড়ল, তা এখনও নিশ্চিত নয় ৷ দমকল বাহিনীর অনুমান, সারারাত বৃষ্টিতে জল জমেছিল ৷ সেই জলে মাটি দুর্বল হয়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷

দমকলের এক উচ্চাধিকারিক বলেন, "শুক্রবার রাত থেকে বৃষ্টি হয়ে চলেছে এবং খুব ভারী বৃষ্টি হয়েছে ৷ সম্ভবত তাতে নিচু এবং ভঙ্গুর এলাকায় পরিকাঠামোগুলি দুর্বল হয়ে গিয়েছে ৷ এক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি, পরিকাঠামো দেখভাল ঠিকঠাক হয়েছিল কি না, নির্মাণে কোনও গোলমাল ছিল কি না, অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই এই দেওয়াল ভেঙে পড়েছে কি না ৷" পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা দায়ের হয়েছে ৷ তদন্ত করা হবে ৷