ETV Bharat / state

Bhadu Sheikh Murder Case: বগটুইয়ে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত নিউটন শেখ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার

পুলিশের হাতে গ্রেফতার বগটুইয়ে তৃণমূলের উপ-প্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত নিউটন শেখ ৷ আজ তাঁকে তোলা হল আদালতে ৷

Bhadu Sheikh Murder Case
নিউটন শেখ
author img

By

Published : June 22, 2023 at 5:04 PM IST

Choose ETV Bharat
বগটুইয়ে ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত নিউটন গ্রেফতার

রামপুরহাট, 22 জুন: তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত নিউটন শেখকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ । বুধবার রাতে বীরভূমের মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় । বগটুই কাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন নিউটন শেখ । বৃহস্পতিবার তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

প্রসঙ্গত, 2022 সালে 21 মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় রামপুরহাট-1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ওই রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরদিন সকালে সাতজনের দেহ উদ্ধার করা হয় সেখান থেকে। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।

পরে আরও তিনজন অগ্নিদগ্ধ মহিলা হাসপাতালে মারা যান। কলকাতা হাইকোর্টের এ নিয়ে মামলা হয় ৷ আদালত সিবিআইকে ঘটনার তদন্তভার দেয় । এই ঘটনার কয়েকদিন পর সিবিআইয়ের হাতে আসে ভাদু শেখ খুনের একটি সিসিটিভি ফুটেজ । এই ফুটেজে দেখে খুনের ঘটনায় এফআইআরে দু’নম্বরে নাম ছিল নিউটন শেখের । তবে তাঁকে গ্রেফতার করা যায়নি । এক বছর বেশি সময় ধরে পলাতক ছিলেন তিনি ।

গত বছর 20 জুন রামপুরহাট মহকুমা আদালতে বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ করে সিবিআই । পাশাপাশি রামপুরহাটের তৃণমূল উপ-প্রধান ভাদু শেখ খুনের ঘটনায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত । তাঁরা হলেন পলাশ খান, নিউটন শেখ, মাসাদ শেখ, মাহি শেখ । রামপুরহাট আদালত চত্বর-সহ শহরের বিভিন্ন জায়গায় গ্রেফতারি পরোয়ানার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় । অভিযুক্তদের মধ্যে নিউটন শেখ ছাড়া পলাতক বাকি সবাইকে গ্রেফতার করে সিবিআই ।

আরও পড়ুন: বগটুইয়ে ভাদু শেখ খুন ও গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআইয়ের

গত দু'তিনদিন আগে মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রামে নববিবাহিত স্ত্রী'য়ের কাছে এসেছিলেন নিউটন শেখ । সেই খবর পেয়ে বুধবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় মাড়গ্রাম থানার পুলিশ । একটি বন্দুক ও একটি কার্তুজ-সহ তাঁকে গ্রেফতার করা হয় । নিউটন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে । আজ রামপুরহাট মহকুমা আদালত ধৃত নিউটন শেখকে তোলা হয় ।